পিতৃপুরুষের ভূমিতে ফিরতে হবে ইহুদিদের: আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, বাস্তবতা মেনে নেওয়া ছাড়া দখলবাজ ইহুদিদের অন্য কোনো উপায় নেই। ইসরায়েল ছেড়ে ‘পিতৃপুরুষের ভূমিতে’ ফিরে যেতে হবে তাঁদের।লেবাননের দক্ষিণাঞ্চল সফরকালে গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন। ইসরায়েল-সীমান্তবর্তী বিনতে জাবেল গ্রামে হিজবুল্লাহ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘বিনতে জাবেল টিকে আছে। ইসরায়েলি দখলদারদের সফলভাবে প্রতিরোধের জন্য আমি এখানকার বাসিন্দাদের অভিবাদন জানাই। আপনাদের জন্য আমরা গর্বিত। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। ১৯৪৮ সালে ইসরায়েলের সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঘৃণ্য এ বক্তব্যের জবাব ৬২ বছর আগেই দেওয়া হয়েছে।’আহমাদিনেজাদকে অভিবাদন জানাতে বিনতে জাবেল গ্রামে হাজার হাজার মানুষ সমবেত হয়। এ সময় ইরান, লেবানন ও হিজবুল্লাহর পতাকা বহন করে তারা।২০০৬ সালে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধে বিনতে জাবেল গ্রামটি ধ্বংস হয়ে যায়। পরে ইরানের সহায়তায় গ্রামটি পুনর্গঠন করা হয়।বিনতে জাবেলের সমাবেশ শেষে আহমাদিনেজাদ যান কিউয়ানা গ্রামে। ১৯৯৬ সালে ইসরায়েল ওই গ্রামে এক হামলা চালায়। এতে ১০৫ জন বেসামরিক লোক নিহত হয়। ২০০৬ সালে মাসব্যাপী যুদ্ধের সময়ও গ্রামটিতে হামলা চালানো হয়। এএফপি।