পিসি সরকারের জাদুতে তৃণমূলের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুকর পিসি সরকার (জুনিয়র)
জাদুকর পিসি সরকার (জুনিয়র)

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল আগামীকাল শুক্রবার। ভোট গণনা কেন্দ্রে প্রার্থী হিসেবে উপস্থিত থাকতে পারেন বিশ্বখ্যাত জাদুকর পিসি সরকার (জুনিয়র)। তৃণমূল কংগ্রেসের ভয়, জাদুর মাধ্যমে জাদুকর পিসি সরকার ভোট গণনায় প্রভাব ফেলতে পারেন। তাই তাঁর ওপর নজরদারি করার আবেদন জানিয়েছে তৃণমূল।
গতকাল বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস ওই আবেদনে পিসি সরকারের ওপর নজরদারি করার দাবি জানিয়েছে। তারা বলেছে, পিসি সরকার যেন কোনোভাবেই ভোটকেন্দ্রে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারেন।
উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক ওঙ্কার সিং মিনা জানান, এভাবে কোনো  প্রার্থীকে গণনা কেন্দ্রে ঢোকার ব্যাপারে আটকানো যায় না। যদি নির্বাচন কমিশনের কাছ থেকে এ ব্যাপারে কোনও নির্দেশ আসে, তবে তিনি ব্যবস্থা নিতে পারেন। আরেকটি সূত্র জানায়, পিসি সরকারের ওপর নজরদারি করতে অন্য কোনো জাদুকরকে পর্যবেক্ষক হিসেবে রাখা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন।
বারাসাত কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন বর্তমান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বামফ্রন্টের মোর্তজা হোসেন। গতকাল সকালে তৃণমূল কংগ্রেসের কয়েকজন এজেন্ট কাকলি ঘোষ দস্তিদারের কাছে অভিযোগ করেন, বারাসাতের কলোনি মোড়, পান্না ঝিল, বিধানগর এলাকায় পিসি সরকার ভোটারদের বেশ কয়েকটি জাদু দেখিয়ে চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছেন। তাই গণনা কেন্দ্রে পিসি সরকার এ ধরনের কোনও ঘটনা যাতে ঘটাতে না পারেন, এ জন্য তাঁরা আবেদন করেছেন। এর পর তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়।