পিসিসিআর ফের বৈঠকে বসবে আগামী বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সংবিধান সংস্কারবিষয়ক সংসদীয় কমিটি (পিসিসিআর) আগামী বুধবার আবার বৈঠকে বসবে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা মতৈক্যে পৌঁছাতে না পেরে নতুন বৈঠকের সিদ্ধান্ত নেন।কমিটির প্রধান রাজা রাব্বানি গতকাল সাংবাদিকদের জানান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নাম পরিবর্তনসহ অন্য সব বিষয় শান্তিপূর্ণভাবেই সমাধান হবে।সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) শেষ মুহূর্তে সংবিধান সংশোধনবিষয়ক খসড়ার বিভিন্ন ধারার বিরোধিতা করে। এ কারণে বৈঠকে পিসিসিআরের সদস্য ও পিএমএলের সিনেটর ইসহাক দার তীব্র সমালোচনার মুখে পড়েন। পিসিসিআর প্রায় নয় মাস কাজ করে সংবিধান সংশোধনবিষয়ক খসড়া তৈরি করেছে। এতে বিচার বিভাগ, প্রদেশগুলোর স্বায়ত্তশাসন ও নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা-সংক্রান্ত বিভিন্ন বিষয় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নাম পাখতুনখাঁ করার প্রস্তাব রয়েছে। দ্য নিউজ।