পিয়ানো বাজিয়ে শোনালেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের যে সংগীতের প্রতি গভীর অনুরাগ রয়েছে, গত বৃহস্পতিবার রাতে এর প্রমাণ রেখেছেন তিনি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ নগরের একটি অনুষ্ঠানে তিনি হলভর্তি দর্শক-শ্রোতাকে পিয়ানোর বাজনা ও গান শুনিয়েছেন। শ্যারন স্টোন, মনিকা বেলুচ্চি, মিকি রুর্কির মতো নামীদামি হলিউড তারকারা ছিলেন এই অনুষ্ঠানের অতিথি। ক্যানসার ও চোখের বিভিন্ন রোগে ভুগছেন এমন শিশুদের সহায়তার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রচারিত খবরে এ কথা জানা যায়।বিশ্বনেতাদের মধ্যে কারাতেতে ব্ল্যাকবেল্টধারী পুতিনের ভাবমূর্তি একজন শক্তিমান নেতা হিসেবে। তিনি যে একজন সংগীতপ্রেমী এবং গানবাজনার চর্চা করেন, তা যেন অনেকের কাছেই এক চমক।অনুষ্ঠানে পিয়ানো বাজানোর আগে পুতিন বলেন, অনেকের মতো আমি গান বা নাচে পটু নই। এর পরও গানবাজনার চর্চা পছন্দ করি। এরপর তিনি পিয়ানোতে বসে একটি বিখ্যাত রুশ গানের সুর তোলেন।রুশ গানটি ইংরেজি করলে দাঁড়ায়—‘ফ্রম হোয়ার দ্য মাদারল্যান্ড বিগিনস...’। অর্থাৎ, ‘যেখান থেকে মাতৃভূমির শুরু...’। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১০ জন রুশ গুপ্তচরের সঙ্গে গানটি গেয়েছিলেন পুতিন। এবার তিনি পিয়ানোতে ওই গানের সুর বাজিয়ে শোনান। এরপর পুতিন মাইক্রোফোন তুলে নেন হাতে। ভাঙা ভাঙা ইংরেজিতে গেয়ে শোনান যুক্তরাষ্ট্রের সংগীততারকা লুই আর্মস্ট্রংয়ের জনপ্রিয় গান ‘ব্লুবেরি হিল’। এ সময় দর্শক-শ্রোতা দাঁড়িয়ে তাঁর সঙ্গে সুর মেলান। গানের কিছু অংশ তিনি পিয়ানোতে বাজিয়ে শোনান।পুতিনকে প্রায়ই সংগীতজগতের তারকাদের সঙ্গে দেখা যায়। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ রক্ষাবিষয়ক এক সম্মেলনে তাঁকে হলিউডতারকা লিওনার্দো ডিকাপ্রিওর সঙ্গে দেখা যায়। তাঁরা একটি চা-চক্রে যোগ দেন। এএফপি।