পীতসাগরে সীমান্তরেখা বরাবর গতকাল বুধবার গোলাবর্ষণ করেছে দুই কোরিয়া। উত্তর কোরিয়ার গোলার জবাবে দক্ষিণ কোরিয়া গোলা ছোড়ে বলে জানায় সিউল।এদিকে দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে, তাদের প্রতিরক্ষামন্ত্রীকে হত্যা করতে উত্তর কোরিয়া গুপ্তঘাতক পাঠিয়েছে। সিউলের গণমাধ্যম গতকাল এ খবর জানায়।পীতসাগরে গোলাবর্ষণের ঘটনায় দুই কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে দুই কোরিয়ার নৌবাহিনীর মধ্যে পীতসাগরের বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা গোলার শব্দ শুনতে পায়। এর মধ্যে একটি গোলা পড়ে পীতসাগরের নর্দান লিমিট লাইনের (এনএলএল) কাছাকাছি।মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এর জবাবে আমরাও এনএলএল বরাবর তিনটি গোলা ছুড়েছি।’ উত্তর কোরিয়ার ছোড়া গোলা ইয়োনপিয়ং দ্বীপের কাছাকাছি পড়েছিল বলে তিনি জানান।তবে দক্ষিণ কোরিয়া কোথা থেকে গোলা ছুড়েছে, সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি। তবে ইয়োনপিয়ং দ্বীপের নৌবাহিনীর একটি ইউনিটের ঘাঁটি থেকে তারা গোলা ছোড়ে বলে মনে হয়েছে।অজ্ঞাতনামা একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা ইয়োনহাপকে বলেন, ‘উত্তর কোরিয়ার ছোড়া একটি গোলা এনএলএল অতিক্রম করে তাঁদের ভেতরে ঢোকে। তবে তা গুরুতর কিছু নয়। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি এই গোলা উদ্দেশ্যমূলকভাবে ছোড়া হয়েছে, নাকি দুর্ঘটনাক্রমে।’সরকারি সূত্রের বরাত দিয়ে ওয়াইটিএন টেলিভিশন জানায়, চলমান সামরিক মহড়ার অংশ হিসেবেই উত্তর কোরিয়া ওই গোলা ছুড়েছে।এনএলএল বরাবর দুই কোরিয়ার নৌবাহিনীর মধ্যে ১৯৯৯, ২০০২ এবং ২০০৯ সালে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। এ ছাড়া ২০১০ সালের মার্চে ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার একটি সামরিক জাহাজ উত্তর কোরিয়া ডুবিয়ে দেয় বলে অভিযোগ করা হয় সিউলের পক্ষ থেকে। এতে মারা গিয়েছিল ৪৬ জন। তবে এই অভিযোগ অস্বীকার করে পিয়ংইয়ং।গতকাল দুই পক্ষ থেকে গোলাবর্ষণের পর ইয়োনপিয়ং দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৌবাহিনীর একটি গ্যারিসন ছাড়াও সেখানে বসবাস করে প্রায় এক হাজার আট শ বেসামরিক মানুষ।ইয়োনপিয়ং দ্বীপটি অংজিন কাউন্টির অন্তর্ভুক্ত। অংজিনের এক মুখপাত্র বলেন, ‘গোলাবর্ষণের পর দ্বীপের মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।’এদিকে দক্ষিণ কোরিয়ার জংঅং ইলবো পত্রিকা গতকাল এক খবরে জানায়, প্রতিরক্ষামন্ত্রী কিম কওয়ান-জিনকে হত্যার উদ্দেশ্যে উত্তর কোরিয়া একটি গুপ্ত দল পাঠিয়েছে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।পত্রিকাটি জানায়, উত্তর কোরিয়া তাদের নিজেদের লোক পাঠিয়েছে, নাকি অপর কোনো দেশ থেকে ভাড়া করা লোক পাঠিয়েছে, এটা নিশ্চিত নয়। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী কিমকে হত্যার জন্য উত্তর কোরিয়ার নির্দেশে একটি দল যে কাজ করছে, তা নিশ্চিত।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক গণমাধ্যমের এ খবরটি নিশ্চিত না করে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়নি। এএফপি।