পীতসাগরে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোরিয়ার মধ্যে গোলাবিনিময়ের উত্তেজনার মধ্যেই গতকাল রোববার পীতসাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় পরমাণু শক্তিসমৃদ্ধ মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনসহ পাঁচটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। সব মিলিয়ে অন্তত ১১টি যুদ্ধজাহাজ ওই মহড়ায় অংশ নিয়েছে বলে জানা গেছে।দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক মহড়ার পাল্টা জবাব হিসেবে উত্তর কোরিয়া পীতসাগর লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিয়ে রেখেছে।মহড়া শুরুর কিছুক্ষণ পর উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তার সমুদ্রসীমা লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে উত্তর কোরিয়ার অন্যতম মিত্র হিসেবে পরিচিত শক্তিশালী চীন ওই অঞ্চলে শান্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও দুই কোরিয়ার সঙ্গে যোগাযোগও করেছে। চীনের পক্ষ থেকে ডিসেম্বরের শুরুতে জরুরি ভিত্তিতে ছয় জাতি আলোচনার ডাক দেওয়া হয়েছে।দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর (ইউএসকেএফ) একজন কর্মকর্তা জানান, গতকাল শুরু হওয়া চার দিনব্যাপী যৌথ মহড়ায় ইউএসএস জর্জ ওয়াশিংটনসহ পাঁচটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। পরমাণু শক্তিসমৃদ্ধ এই জাহাজে ৭৫টি যুদ্ধবিমান ও ছয় হাজার ক্রু রয়েছেন। বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, মহড়ায় দক্ষিণ কোরিয়ার তিনটি ডেস্ট্রয়ার, টহল জাহাজ, ফ্রিগেট, সহায়তাকারী জাহাজ ও ডুবোজাহাজ বিধ্বংসী বিমান অংশ নিয়েছে।উত্তর কোরিয়া গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে গোলা নিক্ষেপ করলে দুজন মেরিন সেনাসহ অন্তত চারজন নিহত হন। দক্ষিণ কোরিয়াও গোলা ছুড়ে এর পাল্টা জবাব দেয়। গতকাল ইয়নপিয়ং দ্বীপে নতুন করে গোলার শব্দ পাওয়ার পর দক্ষিণ কোরিয়া সেখানকার স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দেয়। ৪০ মিনিট পর অবশ্য সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। দ্বীপের এক হাজার ৭০০ বাসিন্দার মধ্যে অবশ্য ২০ জনের মতো সেখানে অবস্থান করছে। সাংবাদিকদের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যৌথ মহড়ার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া উসকানিমূলক আচরণ করতে পারে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া আশঙ্কা প্রকাশ করেছে, যৌথ মহড়া শুরু হলে উত্তর কোরিয়া আবারও ইয়নপিয়ং দ্বীপে হামলা চালাতে পারে।বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, উত্তর কোরিয়া পীতসাগর লক্ষ্য করে শুধু ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নয়, ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্রও প্রস্তুত করে রেখেছে। ইয়োনহ্যাপের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইয়নপিয়ং দ্বীপে গোলা ছোড়ার কয়েক দিন পরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ‘যেকোনো ধরনের উসকানি বা আমাদের সমুদ্রসীমা লঙ্ঘন করা হলে কঠোর সামরিক অভিযানের মাধ্যমে এর পাল্টা জবাব দেওয়া হবে।’কোরীয় উপদ্বীপে উত্তেজনার পরিপ্রেক্ষিতে গতকাল জরুরি ভিত্তিতে ছয় জাতি আলোচনার ডাক দিয়েছে চীন। আগামী মাসের শুরুতে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে ওই আলোচনার ডাক দেওয়া হয়। চীনের উত্তর কোরিয়াবিষয়ক শীর্ষ দূত উ দায়েই বলেন, উত্তেজনা নিরসনে ডিসেম্বরের শুরুতে বেইজিং ছয় জাতি আলোচনার আহ্বান জানিয়েছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।