পীতসাগরে সামরিক মহড়া দেবে দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পীতসাগরের বিরোধপূর্ণ এলাকায় বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলে চলতি মাসে অনুষ্ঠেয় গ্লোবাল ফোরামের প্রাক্কালে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার জানিয়েছেন।পীতসাগরের জলসীমা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধ রয়েছে দক্ষিণ কোরিয়ার। আসন্ন মহড়ায় দেশটির নৌবাহিনী একাধিক রণতরী ও যুদ্ধবিমান ব্যবহার করবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি রণতরী ডুবে ৪৬ জন নিহত হওয়ার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ২৫ মার্চ ওই মহড়া শুরু হবে।২০১০ সালের ২৬ মার্চ টর্পেডোর আঘাতে ওই রণতরী ডুবে যাওয়ার জন্য প্রতিবেশী উত্তর কোরিয়াকে দায়ী করে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়া হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনার আট মাস পর উত্তর কোরিয়ার নিক্ষেপ করা গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে চারজন নিহত হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার উসকানিমূলক যেকোনো তৎপরতার পাল্টা জবাব দিতে আমাদের প্রস্তুতি দেখানোর লক্ষ্যেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ ওই সামরিক মহড়া চলাকালে সিউলে অনুষ্ঠিত হবে পরমাণু নিরাপত্তা সম্মেলন। এএফপি।