পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ে সুব্রতর হাজিরা
বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া-সংশ্লিষ্ট পূর্ব নির্দেশ অনুযায়ী গতকাল বুধবার ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় এবং ওই গ্রুপের শীর্ষ তিন নির্বাহী কর্মকর্তা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) কার্যালয়ে হাজিরা দিয়েছেন। তিন কোটিরও বেশি বিনিয়োগকারীকে প্রায় ২৪ হাজার কোটি রুপি ফেরত দেওয়াসহ গুরুত্বপূর্ণ মামলায় তাঁদের সশরীরে সেবির সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের ব্যক্তিগত সম্পত্তির বিবরণ দিতে গত ২৬ মার্চ ওই নির্দেশ দেওয়া হয়। গতকাল সেবি কার্যালয় থেকে বেরিয়ে এসে সুব্রত রায় বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে চাই।’সাহারার অন্য তিন নির্বাহী কর্মকর্তা হলেন অশোক রায় চৌধুরী, রবি শঙ্কর দুবে ও বন্দনা ভার্গব।সেবি কর্তৃপক্ষ সব সম্পত্তির চুক্তি এবং সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্প লি. ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্প লি.-এর বিনিয়োগ-সম্পর্কিত তথ্যপ্রমাণ চান। সাহারার এই দুটি প্রতিষ্ঠানকে তিন মাসের মধ্যে তাঁদের চুক্তিপত্রধারীদের ২৪ হাজার কোটি রুপি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু অর্থ পরিশোধ করেনি সাহারা। পিটিআই।