পুণ্যার্থীদের ‘শাহীস্নানে’ কুম্ভমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদে অবস্থিত ত্রিবেণীতে (গঙ্গা-যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল) গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। পুণ্যস্নানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় এই পুণ্যার্থী সমাবেশ চলবে ৫৫ দিন। প্রতি ১১ বছর ৮৬ দিন পর এই মেলা হয়।গতকাল ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয় ‘শাহীস্নান’খ্যাত রাজসিক স্নানপর্ব। জ্যোতিষীরা গতকাল ভোররাতের ওই ক্ষণকে শুভলগ্ন বলে জানিয়েছিলেন। এই স্নানের নেতৃত্ব দেন শত শত নাগা সন্ন্যাসী। পুরোপুরি নগ্ন এই সন্ন্যাসীদের কারও কারও হাতে ছিল খোলা তরবারি ও ত্রিশূল। গতকাল স্নানে এক কোটির বেশি পুণ্যার্থী অংশ নেন। মেলা শেষ হওয়া পর্যন্ত প্রায় ১০ কোটি লোক এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। হিন্দুধর্মাবলম্বীরা তাঁদের পাপমোচনের আশায় কুম্ভমেলায় অংশগ্রহণ করে থাকেন। এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত মেলায় প্রায় চার কোটি পুণ্যার্থী অংশ নিয়েছিলেন। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবতা ও অসুরের যুদ্ধে কয়েক ফোঁটা অমৃত এলাহাবাদ, নাসিক, উজ্জয়িন ও হরিদ্বার—এই চারটি অঞ্চলে পতিত হয়। আর এ বিশ্বাস থেকেই শত শত বছর ধরে এলাকাটিকে মহাপবিত্র বলে মনে করা হয়। মেলা উপলক্ষে ১৪টি অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছে কর্তৃপক্ষ। সার্বক্ষণিক নিয়োজিত থাকছেন ২৪৩ জন চিকিৎসক। পুণ্যার্থীদের জন্য প্রায় ৪০ হাজার শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।গঙ্গাসাগরে মকরসংক্রান্তি স্নান: এদিকে মকরসংক্রান্তি উপলক্ষে গতকাল সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের বঙ্গোপসাগর তীরে কপিলমুনি আশ্রমের সামনে স্নানে অংশ নিয়েছেন লাখ লাখ পুণ্যার্থী।