পুতিন-ট্রাম্প বৈঠক ৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। হামবুর্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রথম দিনে বহুল প্রত্যাশিত এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুতিনের সহকারী ইউরি উশাকোভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নোভাসতি গত মঙ্গলবার এ খবর জানিয়েছে।

৭-৮ জুলাই হামবুর্গে অনুষ্ঠিত হবে ১২তম জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন বৈঠকে মিলিত হবেন। বিবৃতিতে ইউরি উশাকোভ বলেন, ‘হ্যাঁ, দুই প্রেসিডেন্টের সাক্ষাতের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষ ৭ জুলাই বৈঠক করতে রাজি হয়েছে।’

গত মে মাসে পুতিন ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপে তাঁরা হামবুর্গে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হতে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে ৩ জুলাই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুতিন-ট্রাম্প বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন সংকট, সিরিয়া পরিস্থিতিসহ আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন দুই নেতা।