পুতিন তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন আজ মস্কোয় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এদিকে পুতিনের শপথগ্রহণ সামনে রেখে গতকাল রোববার রাজধানী মস্কোয় ব্যাপক বিক্ষোভ করেছে পুতিনবিরোধীরা।মস্কোয় গতকালের বিক্ষোভ বেশ শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে বিক্ষোভকারীদের একটি ছোট দল দাঙ্গা পুলিশের অবরোধ ভেঙে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মস্কো পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইতার তাস জানায়, তারা চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিক্ষোভে নেতৃত্ব দেওয়া প্রথম সারির তিন নেতা আলেক্সি নাভালনি, বোরিস নেমতসোভ ও সারগেই উদরাতসভও। গত মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয়ী হন পুতিন, যদিও বিক্ষোভকারীরা সে সময় পুতিনকে পরাজিত করতে সবার প্রতি আহ্বান জানায়। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এএফপি ও বিবিসি।