পুতিনকে সহযোগিতা করতে রুশ কোটিপতির সঙ্গে যোগসাজশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহযোগিতা করতে গোপনে এক রুশ কোটিপতির সঙ্গে কাজ করেছেন বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে। ম্যানাফোর্টের বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এলাকাগুলোয় এক দশক আগে রুশ-বিরোধীদের দমাতে একটি কৌশলের প্রস্তাব করার অভিযোগ আছে। এপি বলেছে, ট্রাম্পের এই সাবেক সহযোগীর বিরুদ্ধে অভিযোগের সপক্ষে তাদের কাছে নথিপত্র রয়েছে। তবে ম্যানাফোর্ট এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
গত বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটির অবৈতনিক চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন পল ম্যানাফোর্ট। এপির এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগস্টে তিনি পদত্যাগ করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৪ সালের আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনে ইউক্রেনের ক্ষমতাসীন রুশপন্থী রাজনৈতিক দলের হয়ে তদবির করেছেন।
এপি বলেছে, নতুন পাওয়া ব্যবসায়িক নথিগুলো থেকে জানা গেছে, পুতিনের স্বার্থে আরও ঘনিষ্ঠভাবে সাবেক সোভিয়েত অঞ্চলে সক্রিয় ছিলেন ম্যানাফোর্ট। তিনি রুশ অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কার সঙ্গে কাজ করেছেন। এই শত কোটিপতি প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০০৫ সালে ম্যানাফোর্ট তাঁর প্রস্তাব করা কৌশলে বলেছিলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং সাবেক সোভিয়েত অঞ্চলে রাজনীতি, ব্যবসা এবং সংবাদ পরিবেশনে মনোনিবেশ করতে হবে। এতে করে পুতিনের সরকার প্রভাব বিস্তারে আরও এগিয়ে যাবে।
ম্যানাফোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি এক দশক আগে ওলেগ দেরিপাস্কার সঙ্গে বেশ কয়েকটি দেশে ব্যবসায়িক এবং ব্যক্তিগত কাজ করেছেন। তবে সেই সব কাজের সঙ্গে রাশিয়ার রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল না।
এদিকে ইউক্রেনীয় আইনপ্রণেতা সের্গেই লেসচেঙ্কো দাবি করেছেন, ম্যানাফোর্ট ২০০৯ সালে ইউক্রেনের ‘রুশপন্থী একটি রাজনৈতিক দলের’ কাছ থেকে সাড়ে ৭ লাখ মার্কিন ডলার নিয়ে তা গোপন করার চেষ্টা করেন। এর প্রমাণ আছে বলে দাবি করেন তিনি।
ইউক্রেনের রুশ-সমর্থিত সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে ম্যানাফোর্টের সম্পর্ক থাকা নিয়ে কথা ওঠার পরই তাঁকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে সরিয়ে দেওয়া হয়।
ম্যানাফোর্টের মুখপাত্র জেসন ম্যালোনি এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে উড়িয়ে দিয়েছেন। ম্যানাফোর্ট সাবেক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অন্যতম উপদেষ্টা ছিলেন। তবে কোনো নগদ অর্থ নেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।
ইউক্রেনীয় আইনপ্রণেতা লেসচেঙ্কো এককালে অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। তিনি একটি নথি প্রকাশ করেছেন। এটি ২০০৯ সালের ১৪ অক্টোবরের। সেখানে দেখা যাচ্ছে, ভিক্টর ইয়ানুকোভিচের দল থেকে অর্থ দেওয়া হয়েছে ম্যানাফোর্টকে। সেখানে তাঁর স্বাক্ষরও রয়েছে।
তবে মুখপাত্রের মাধ্যমে পল ম্যানাফোর্ট দাবি করেছেন, এই অভিযোগ ভুয়া। কথিত নথিতে স্বাক্ষরটি তাঁর নয়।