পুতিনকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ সন্দেহভাজন দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ানে’ প্রচারিত খবরে এ কথা জানানো হয়।গ্রেপ্তার হওয়া দুজনকে টিভিতে দেখানো হয়। তাঁরা জানান, চেচেন যুদ্ধবাজ নেতা দকু উমরভের নির্দেশে পুতিনকে হত্যার ষড়যন্ত্র বাস্তাবায়নে কাজ করছিলেন। ইউক্রেনের বন্দরনগর ওদেসা ও মস্কোয় এই হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয় বলে দুই ব্যক্তি জানান।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেন, ৪ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এই নির্বাচনে পুতিনের পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব জোরালো। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।পুতিনের একজন মুখপাত্র, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ইউক্রেনিয়ান সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এই ষড়যন্ত্র নস্যাৎ করার বিষয়টি নিশ্চিত করেছে।চ্যানেল ওয়ানের খবরে বলা হয়, তুরস্ক হয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে তিনজন ষড়যন্ত্রকারী ইউক্রেনে প্রবেশ করে। তাদের কাছে দকু উমরভের প্রতিনিধিদের কাছ থেকে পরিষ্কার নির্দেশনা ছিল।নাম প্রকাশ না করা রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধমে জানানো হয়, এই তিনজনের একজন গত জানুয়ারি মাসে একটি বিস্ফোরণের ঘটনায় নিহত হয়। ওই ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা।চ্যানেল ওয়ানে ছবি প্রচারিত হওয়ার সময় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে ইলিয়া পিয়ানজিন বলে পরিচয় দেওয়া হয়। তিনি বলেন, ‘তাঁরা আমাদের প্রথমে ওদেসায় আসতে বলেন। বোমা বানানোর কৌশল শিখতে বলেন। তারপর মস্কোর বাণিজ্যিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানোর নির্দেশ দেন।’ সব শেষে হত্যার লক্ষ্যে পুতিনের ওপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয় বলে তিনি দাবি করেন।রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত খবরে সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তিকে আদম ওসমায়েভ বলে শনাক্ত করা হয়। তিনি দীর্ঘ দিন লন্ডনে ছিলেন বলে তথ্য রয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা একটি ল্যাপটপে পুতিনের গতিবিধির ওপর কিছু ভিডিওচিত্র পাওয়া যায়, যা টেলিভিশনে প্রচার করা হয়।এ ব্যাপারে ওসমায়েভ জানান, গোপন ক্যামেরায় পুতিনের গতিবিধির এই দৃশ্য ধারণ করা হয়। পুতিন কতটা সুরক্ষিত—এ বিষয়ে ধারণা নিতে তিনি ভিডিওচিত্র ধারণ করেন বলে জানান।ওসমায়েভ বলেন, তাঁদের সর্বশেষ লক্ষ্য ছিল হত্যার লক্ষ্যে পুতিনের ওপর হামলা চালানো। এই হামলা চালানো হতো প্রেসিডেন্ট নির্বাচনের পর। এএফপি, জিনিউজ।