পুতিনকে 'হিটলার' বললেন চার্লস
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্মানির নািস নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স চার্লস।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন জানানো হয়, পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে কানাডা সফররত চার্লস এমন মন্তব্য করেন। তাঁর মন্তব্য ‘ডেইলি মেইল’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। চার দিনের সফরে এখন কানাডা রয়েছেন চার্লস ও তাঁর স্ত্রী কামিলা।
৬ জুন ফ্রান্সে পুতিনের সঙ্গে চার্লসের সাক্ষাত্ হওয়ার কথা। এর আগে পুতিনকে নিয়ে চার্লসের ওই মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। এই প্রতিবেদনের বিষয়ে রাজপরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়।
‘ডেইলি মেইল’ দাবি করেছে, নািস হত্যাযজ্ঞের ভুক্তভোগী ও সেখান থেকে পালিয়ে আসা ম্যারিয়েন ফার্গুসন নামের ৭৪ বছর বয়সী এক নারীর কাছে ওই মন্তব্য করেন চার্লস। কানাডার অভিবাসন জাদুঘর পরিদর্শনকালে ফার্গুসনের সঙ্গে চার্লসের কথা হয়। তাঁর মন্তব্য অনেকেই শুনেছেন।
ফার্গুসন দাবি করেন, পরিবারের কাহিনি ও তাঁর কানাডায় আসার ইতিহাস সম্পর্কে চার্লসের সঙ্গে কথা হয়েছে। এসব শুনতে শুনতে একপর্যায়ে চার্লস বলেন, ‘পুতিন এখন হিটলারের মতো কাজ করছেন।’ চার্লসের সঙ্গে তিনিও একমত প্রকাশ করেন।