পুতিনবিরোধী কর্মীকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সরকারবিরোধী এক কর্মীকে বিশেষ বাহিনীর সদস্যরা ইউক্রেন থেকে অপহরণ করেন। পরে তাঁর ওপর নির্যাতন চালিয়ে ও তাঁর সন্তানদের হত্যার হুমকি দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার স্বীকারোক্তি আদায় করা হয়। গতকাল বুধবার সাপ্তাহিক নিউ টাইমস-এর এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওই কর্মীর নাম লিওনিদ রাজবোজ্জাহায়েভ। এখন তিনি মস্কোর কারাগারে বন্দী। একদল মানবাধিকার কর্মী লিওনিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলটির সঙ্গে নিউ টাইমস-এর এক প্রতিবেদকও ছিলেন। লিওনিদ তাঁদের জানান, তিনি ইউক্রেনে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার একদল মুখোশধারী তাঁকে রাজধানী কিয়েভে জোর করে একটি ভ্যানে তোলেন।জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা গত মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে বলে, গত শুক্রবার মানবাধিকার-বিষয়ক একটি বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে কথা বলার পর লিওনিদ নিখোঁজ হন। লিওনিদ জানান, অপহরণের পর রাশিয়ার সীমান্তে একটি ঘরে আটকে রেখে হাত-পা ও চোখ বেঁধে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। দুই দিন তাঁকে কোনো খাবার দেওয়া হয়নি। এমনকি পানিও না। এ সময়ের মধ্যে তাঁকে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি। নির্যাতনকারীরা হুমকি দেন, ‘আমাদের কথামতো কাজ না করলে তোমার সন্তানদের হত্যা করা হবে।’সরকারের তদন্ত কমিটি গত সোমবার ঘোষণা দেয়, গ্রেপ্তারের পর লিওনিদ পুতিনবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। বুধবার কমিটি এ-ও দাবি করে, গ্রেপ্তারের পর তাঁর ওপর নির্যাতন চালানো হয়নি বলেও নিশ্চিত করেছেন লিওনিদ।এদিকে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ রাষ্ট্রদ্রোহবিষয়ক আইন সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। সমালোচকেরা বলছেন, বিরোধীদের ওপর আরও নিপীড়ন-নির্যাতন চালানোর উদ্দেশে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলেও তাঁকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হবে। এএফপি ও বিবিসি।