পুতিনবিরোধী নাভালনির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় সরকারবিরোধী আন্দোলনের নেতা আলেক্সেই নাভালনির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলার বিচার কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়েছে। আসামি নাভালনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আশঙ্কা, বিরোধীদের দমনের লক্ষ্যে সরকারি নির্দেশে তাঁকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ব্লগার হিসেবে পরিচিত নাভালনিকে রাজধানী মস্কোর ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত কিরোভ শহরের একটি আদালতে গতকাল ৪০ মিনিটের জন্য হাজির করা হয়। এ সময় তাঁকে শান্ত ও উদ্ধত দেখায়। সংশ্লিষ্ট বিচারক সার্গেই ব্লিনোভের আদালত ওই মামলার কার্যক্রম আগামী ২৪ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। মামলার বিবাদীকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।নাভালনি সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগে উদ্দেশ্যমূলক মামলাটি করা হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। ৩৬ বছর বয়সী নাভালনির বিরুদ্ধে পাঁচ লাখ ১০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বিবিসি।