পুতিনবিরোধী নেতার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতিনবিরোধী রুশ বিক্ষোভকারী নেতা সার্গেই উদালসভের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্ত শুরু হয়েছে। গতকাল বুধবার রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা মস্কোয় তাঁর বাড়িতে অভিযান চালিয়েছেন। এ ছাড়া তাঁর সহযোগীদের বাড়িতেও অভিযান চালানো হয়।উদালসভের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জনরোষ সৃষ্টির চেষ্টা করছেন। সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, উদালসভ বেলারুশের রাজধানী মিনস্কে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির এক প্রতিনিধির কাছ থেকে অর্থ নিচ্ছেন এবং রাশিয়ায় গণ-অসন্তোষ সৃষ্টির ষড়যন্ত্র করছেন।রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, কমিটির কর্মকর্তারা উদালসভের বিরুদ্ধে গণ-অসন্তোষ সৃষ্টির প্রস্তুতির অভিযোগের মামলার তদন্ত শুরু করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের বেশি সাজা হতে পারে উদালসভের। উদালসভের আইনজীবী ভিওলেত্তা ভলকোভা বলেন, তাঁর মক্কেলকে এখন শুধু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি এও বলেন, ‘উদালসভকে কারাগারে নেওয়ার আশঙ্কাও আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আমার বিশ্বাস, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’ রয়টার্স