পুতিনের দিল্লি সফর প্রভাব ফেলবে না: যুক্তরাষ্ট্র
আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র বলেছে, পুতিনের এই সফর আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সম্পর্ক একেবারে স্বাভাবিক, সেটা মনে করার কারণও নেই। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ গত শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমি জানি এই সফর নিয়ে নানা কানাঘুষা আছে। বিশেষ করে বাণিজ্য বা অর্থনৈতিক চুক্তি নিয়ে। তবে বাস্তবে কী হয়, তা দেখার বিষয়।’
গত মে মাসে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পুতিন প্রথম ভারত সফর করছেন। এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া ও ভারতের মধ্যে এখন বছরে এক হাজার কোটি ডলারের বাণিজ্য হয়।
আগামী জানুয়ারি মাসে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বারাক ওবামার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
কাশ্মীরের সন্ত্রাসের নিন্দা: শুক্রবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।