পুতিনের বিরুদ্ধে মস্কোয় মোটর শোভাযাত্রা
রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়িচালকেরা পুতিনবিরোধী মোটর শোভাযাত্রায় অংশ নিয়েছে। ক্রেমলিনকে ঘিরে সাদা বেলুন ও ফিতা উড়িয়ে গতকাল রোববার ওই শোভাযাত্রা বের করা হয়।আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের প্রার্থিতার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন শহরে গত তিন সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার মোটর শোভাযাত্রা বের করা হয়। গতকালের শোভাযাত্রার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে তালিকাভুক্ত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার সদস্য।আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন পুতিন। সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সদস্য ৫৯ বছর বয়সী পুতিনের আগামী নির্বাচনে জয় মোটামুটি নিশ্চিত। তাঁর সমর্থক ও বিরোধীরা এই নির্বাচনকে সামনে রেখে এক মাস ধরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। পুতিনের সমর্থকেরা মস্কোর গার্ডেন রিং রোডে গত শনিবার রাতে স্বল্প সময়ের মধ্যে মোটর শোভাযাত্রার আয়োজন করে। সমর্থকদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পুতিন চালকের আসনে থাকলে সবকিছুই সুষ্ঠুভাবে চলবে।’ বিক্ষোভকারীদের সংগঠন লিগ অব ভোটারসের এক বিবৃতিতে বলা হয়, তারা ক্রেমলিনের যত কাছাকাছি যেতে সমর্থ হবে, আন্দোলন ততটাই কার্যকর হবে। এএফপি।