পুতিনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মিখাইল প্রখরোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চে অনুষ্ঠেয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের ধনী মিখাইল প্রখরোভ। গত সোমবার এক সংবাদ সম্মেলনে প্রখরোভ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের একটি বাস্কেটবল দলের মালিক ৪৬ বছর বয়সী প্রখরোভ বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া তাঁর জীবনের সবচেয়ে কঠিন এক সিদ্ধান্ত। তিনি ঘোষণা দেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে সেভাবে পুতিনের সমালোচনা করবেন না। প্রখরোভ বলেন, ‘প্রচারাভিযানে ১০ শতাংশের বেশি পুতিনের সমালোচনা করব না। আমি কী করতে চাই—প্রচারাভিযানে তা তুলে ধরব।’ প্রখরোভ মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।গত জুনে রাশিয়ার রাজনৈতিক দল রাইট কজ পার্টির প্রধান নির্বাচিত হন প্রখরোভ। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন তিনি।গত ৪ ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ৪৫০টি আসনের মধ্যে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ২৩৮টি আসনে বিজয়ী হয়। ২০০৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৩১৫টি আসন পেয়েছিল। এবারের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দেশটির হাজার হাজার মানুষ পুতিনবিরোধী বিক্ষোভ শুরু করে। দেশজুড়ে বিভিন্ন শহরেও পুতিনবিরোধী বিক্ষোভ হয়।বিতর্কিত নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবিতে ক্রেমলিনে প্রায় ৫০ হাজার মানুষের বিক্ষোভের পর প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন প্রখরোভ। এএফপি, বিবিসি।