পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়ার জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত এক বৈঠক আজ বুধবার বাতিল করেছেন। তবে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় জি-টুয়েন্টি অর্থনৈতিক বৈঠকে উপস্থিত থাকবেন ওবামা, জানিয়েছে হোয়াইট হাউজ।
বিবিসি বলছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা আজ বলেছেন, স্নোডেনকে আশ্রয় দেওয়ার ঘটনায় দেশ দুটির পুরোনো রেষারেষি আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক কর্মী স্নোডেন দেশটির গোপন গুপ্তচরবৃত্তির বিপুল তথ্য সম্প্রতি ফাঁস করে দিয়েছেন এবং রাষ্ট্র ত্যাগ করেছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রের পলাতক। গত সপ্তাহে রাশিয়া তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
গতকাল রাতে লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে ওবামা বলেন, স্নোডেনকে রাশিয়ায় এক বছরের জন্য আশ্রয় দেওয়ার ঘটনায় তিনি ‘বিরক্ত’। এরপর আজ সকালে তাঁর বৈঠক বাতিলের খবর জানা যায়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘অবশেষে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অভিন্ন আলোচ্য বিষয় নির্ধারণে এমন কোনো অগ্রগতি হয়নি যে রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের আয়োজন করা চলে।’
স্নোডেনকে আশ্রয় দেওয়ার ইস্যুটি ছাড়াও হোয়াইট হাউস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা থেকে শুরু করে মানবাধিকার ইস্যুসহ অনেকে বিষয়ে আপত্তি তুলেছে।