পুতিনের সহায়তা চায় ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত মঙ্গলবার একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার পর সেখানে অস্ত্রবিরতির কার্যকারিতা নিয়ে বিবদমান দুই পক্ষই সংশয় প্রকাশ করেছে৷ এর পরও অস্ত্রবিরতি বহাল রাখার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহায়তা করবেন বলে আশা করছে ইউক্রেন৷
এদিকে ইউক্রেনের পশ্চিমা-সমর্থিত নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো রাশিয়ার সঙ্গে জরুরি সংলাপ শুরুর ব্যাপারে গতকাল বুধবার আগ্রহ প্রকাশ করেছেন৷ খবর এএফপি ও বিবিসির৷
ইউক্রেনে কোনো অস্ত্রবিরতি নেই বলে মন্তব্য করেছেন রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা আলেক্সান্দর বোরোদাই৷ আর প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেছেন, বিদ্রোহীরা নিয়মিত অস্ত্রবিরতি লঙ্ঘন করছে৷ তাই এটি বাতিল করা হতে পারে৷
রাশিয়াপন্থীদের দুর্গ হিসেবে পরিচিত স্লাভিয়ানস্ক শহরের বাইরে মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীদের হামলায় নয়জন সরকারি কর্মী প্রাণ হারিয়েছেন৷ শহরটিতে গতকাল সকালেও গোলাগুলির খবর পাওয়া গেছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে৷
ইউক্রেন সংকটের কারণে ইউরোপের পূর্ব ও পশ্চিম অংশের সম্পর্ক স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছে গেছে৷ এটি পুনরুদ্ধারের জন্য সংলাপের ব্যাপারে পুতিন আগ্রহী বলে জানিয়েছে ক্রেমলিন৷ তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, ইউক্রেনের বিদোহীদের অস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া৷ তবে মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করছে।
ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাবে রাশিয়ার পার্লামেন্টে গতকাল ভোটাভুটি হয়েছে৷ প্রস্তাবের বিপক্ষে মাত্র একটি ভোট পড়েছে৷ সেনা পাঠাতে পুতিনকে সুযোগ দেওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৫৩ জন আইনপ্রণেতা৷