পুনরুত্থানের জন্য মৃত্যু!
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দংজাক এলাকায় একটি গির্জার যাজক জাং বিশ্বাস করতেন মৃত্যুর পর তাঁর পুনরুত্থান ঘটবে। এ জন্য সময় লাগবে মাত্র সাড়ে তিন দিন।জাংয়ের এই বিশ্বাসের ব্যাপারে আস্থাশীল ছিলেন তাঁর সঙ্গিনী। কথামতো জাংয়ের স্বেচ্ছা মৃত্যুর পর ঠিকই সাড়ে তিন দিন অপেক্ষা করেন তিনি। কিন্তু তিন দিনে জাংয়ের মৃতদেহ শুধু দুর্গন্ধই ছড়িয়েছে। নতুন প্রাণ ফিরে আসার কোনো লক্ষণ দেখতে না পেয়ে বাধ্য হয়ে মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর যা ঘটার তাই ঘটেছে! এখন থানা-পুলিশ, কোর্ট-কাচারির ঠ্যালা সামলাতে হচ্ছে ৪৮ বছর বয়সী ওই নারীকে।গত ৯ এপ্রিল থেকে জাং নাওয়া-খাওয়া একেবারেই ছেড়ে দেন। তিনি বিশ্বাস করতেন, মৃত্যুর সাড়ে তিন দিনের মাথায় মরদেহ থেকেই তাঁর পুনরুত্থান ঘটবে। অভুক্ত থাকা অবস্থায় জাং তাঁর স্ত্রীকে বলেন, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভুলেও যেন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া না হয়। স্ত্রীকে আশ্বস্ত করেন ভয়ের কিছু নেই। মৃত্যুর মাত্র সাড়ে তিন দিনের মাথায় তাঁর পুনরুত্থান ঘটবে। এএফপি।