পুনরেকত্রীকরণের দুই দশক উদ্যাপন করল জার্মানরা
জার্মানি গতকাল রোববার পুনরেকত্রীকরণের ২০তম বার্ষিকী উদ্যাপন করেছে। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনে কয়েক হাজার জার্মান নাগরিক দিবসটি উদ্যাপনে সমবেত হয়। স্নায়ুযুদ্ধের অবসানের পর ১৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে একত্র হয় পুঁজিবাদী পশ্চিম ও কমিউনিস্ট পূর্ব জার্মানি।দিবসের কর্মসূচি অনুযায়ী প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ ওইসব নিহত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যারা পূর্ব জার্মানিতে কমিউনিস্ট শাসনাবসানের আন্দোলনে প্রাণ দেন। ২০ বছর আগে বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে দুই জামার্নির মিলন হয়। একে বিশ্ব ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে জার্মান প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তাঁদের প্রতি সম্মান জানাচ্ছি, যাঁরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। আপনাদের সাহস বিশ্বকে বদলে দিয়েছে।’ সামনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পুনরেকত্রীকরণের ২০ বছর পরও জার্মানিতে সার্বিকভাবে ঐক্যের সুর প্রতিষ্ঠা করার একটি বিশাল দায়িত্ব আমাদের কাঁধে।’জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল পূর্ব জার্মানিতে বড় হওয়ার স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, বার্লিন প্রাচীরের পতন না হলে তিনি সম্ভবত একজন সাদামাটা বিজ্ঞানী হতেন। পূর্ব জার্মানিতে জীবনযাপন কষ্টকর হলেও মনে হয় সেটি ক্লান্তিকর ছিল না।এই ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো ও ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন উপস্থিত ছিলেন।জার্মানির পুনরেকত্রীকরণের দুই দশক পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধ শেষ হয় এই বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানির এক হওয়ার এই দিনটিকে সে দেশে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এদিন সেখানে সরকারি ছুটি থাকে।সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ জার্মান মনে করে, দুই জার্মানির এক হওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল। অবশ্য ১৪ শতাংশ একে ভুল বলে অভিহিত করেছে।