মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দাপ্রধান ওমর সুলায়মান, মুসলিম ব্রাদারহুড দলের নেতা খাইরাত আল শাতের ও সালাফিস্ট দলের নেতা আবু ইসমাইল গত সোমবার তাঁদের প্রার্থিতা পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। এই তিনজন প্রার্থীই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে ছিলেন। গত শনিবার দেশটির নির্বাচন কমিশন তাঁদের প্রার্থিতা বাতিল করে।২৬ এপ্রিল মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে ওই তিনজনের প্রার্থিতা বাতিল করায় মিসরের নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আল আহরাম সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক ইউসরি এজদায়ি মনে করেন, নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে না। ক্ষমতাসীন সামরিক সরকারের ইশারায় কাজ করছে কমিশন।১৫টি প্রদেশের ভোটারদের যথেষ্ট সমর্থন না পাওয়ায় গোয়েন্দা প্রধান ওমর সোলায়মানের প্রার্থিতা বাতিল করা হয়।মায়ের মিসর ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত সালাফিস্ট দলের নেতা আবু ইসমাইলের প্রার্থিতা বাতিল করা হয়। মিসরের নতুন আইন অনুসারে, প্রার্থীর বাবা, মা, স্বামী বা স্ত্রীর মিসর ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকতে পারে না। তবে আবু ইসমাইল প্রশ্ন তুলে বলেছেন, তাঁর মায়ের যে মার্কিন নাগরিকত্ব রয়েছে, সে ব্যাপারে নির্বাচন কমিশন লিখিত কোনো প্রমাণ দেখাতে পারেনি। মুসলিম ব্রাদারহুড দলের খাইরাত আল শাতেরের কারাদণ্ড থেকে মুক্তির মেয়াদ ছয় বছর পার না হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলে সন্ত্রাস ও অর্থ পাচারের অভিযোগে শাতেরকে কারাদণ্ড দেওয়া হয়। নিয়ম অনুসারে কারাগার থেকে মুক্তি বা ক্ষমা পাওয়ার ছয় বছর পর কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বিশ্লেষক ইউসরি এজদায়ি বলেছেন, আবু ইসমাইলকে নির্বাচন থেকে সরিয়ে সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সের পছন্দের প্রার্থীকে সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।এর আগে অনেকের ধারণা ছিল, সাবেক গোয়েন্দাপ্রধান ওমর সুলায়মান সামরিক সরকারের পছন্দের তালিকায় রয়েছেন। তাই নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মিসরে আগামী ২৩ বা ২৪ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এপি অনলাইন।