পুনর্বিবেচনার নির্দেশ নেতানিয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীর অঞ্চলে ২০ হাজারের বেশি বাড়ি বানানোর যে পরিকল্পনা ইসরায়েল নিয়েছিল, তা পুনর্বিবেচনা করতে গৃহায়ণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ওই পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ‘অনাবশ্যক বিরোধ’ তৈরি করতে পারে।

ইসরায়েলের গৃহায়ণমন্ত্রী ইউরি অ্যারিয়েল গত মঙ্গলবার পশ্চিম তীরে ওই ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্র তখন বলেছিল, তারা ইসরায়েলের ওই পরিকল্পনা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। আর ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছিলেন, তাঁরা এ বিষয়ে জাতিসংঘে আবেদন জানাবেন। ইসরায়েলিরা শান্তি আলোচনাকে নস্যাৎ করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। নতুন ইহুদি বসতিকে শান্তি আলোচনার পথে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন বাড়ি বানানোর পরিকল্পনাটি ‘পুনর্বিবেচনা’ করতে তিনি গৃহায়ণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের পদক্ষেপে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য কোনো লাভ হবে না। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের সঙ্গে একটি অধিকতর ভালো চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

এ সময় এমন পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে তাদের অনাবশ্যক সংঘাত সৃষ্টি করতে পারে। তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। তবে কয়েক দিনের মধ্যেই আবার দুই পক্ষের আলোচনা হবে।
ইউরি অ্যারিয়েল প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে নিয়েছেন বলে বিবৃতিতে জাননো হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি তার নতুন বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়, তবে দেশটির সঙ্গে চলমান শান্তি আলোচনা কার্যত শেষ হয়ে যাবে। বিষয়টি নিয়ে জরুরিভাবে আলোচনা করার জন্য জাতিসংঘে আবেদন করা হবে বলেও জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির জোর কূটনৈতিক প্রচেষ্টার কারণে ইসরায়েল-ফিলিস্তিনি সরাসরি শান্তি আলোচনা গত জুলাই মাসে আবার শুরু হয়। তবে সম্প্রতি ইহুদি বসতি সম্প্রসারণসংক্রান্ত ইসরায়েলি ঘোষণার জের ধরে আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে আলোচনা ভেঙে পড়েছিল। তারও প্রধান কারণ ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নিয়ে সৃষ্ট উত্তেজনা। বিবিসি।