পুনের ঘটনায় বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে সরাসরি দোষারোপ না করে ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেছেন, তিনি পুনেতে ১৩ ফেব্রুয়ারির বোমা বিস্ফোরণের ঘটনায় বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, বোমা বিস্ফোরণ ঘটনার সঙ্গে লস্কর-ই-তাইয়েবা (এলইটি) নেতা আমেরিকান নাগরিক ডেভিড কোলম্যান হেডলির অবশ্যই যোগাযোগ আছে। হেডলি বলেছেন, আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় ‘করাচি প্রকল্প’-এর আওতায় ভারতীয় তরুণদের পাকিস্তানে এনে তাদের দিয়েই ভারতে হামলা চালানোর মন্ত্রণা দেওয়া হচ্ছে। এলইটির নিয়ন্ত্রণাধীন করাচি প্রকল্পে ভারতের বিরুদ্ধে হামলা চালাতে ভারতীয় মুজাহিদীন এবং পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ব্যবহার করা হয়। অবশ্য নয়াদিল্লি এরই মধ্যে হেডলিকে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন থেকে এলইটির করাচি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গেছে। ২৫ ফেব্রুয়ারি পাক-ভারত বৈঠক প্রশ্নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা কমিটির বৈঠকের পর সোমবার পিল্লাই বলেন, আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘করাচি প্রকল্প’-এর সঙ্গে হেডলির সম্পর্ক রয়েছে। তারা নিজেদের যতই নির্দোষ দাবি করুক না কেন, সন্ত্রাসী হামলায় সংগঠনটির সংশ্লিষ্টতা আছে। ২৫ ফেব্রুয়ারি পাক-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদের প্রসঙ্গটি উত্থাপন করা হবে। পিল্লাই বলেন, পুনের বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে। তাই এ ব্যাপারে এখনই কথা বলা ঠিক হবে না। এটা সবারই জানা যে সীমান্তজুড়ে ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) মতো সংগঠনগুলোর সমর্থক আছে। তদন্ত থেকে এতটুকু জানা গেছে যে পুনের বোমা হামলার ঘটনায় দুজন জড়িত থাকতে পারে। এখন তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং আইএমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। পুনেতে আইএমের অবস্থান অত্যন্ত শক্ত। সেখানকার পুলিশ কমিশনার সত্যপাল সিং বলেন, তদন্ত ুঠিক পথেই এগোচ্ছে।গ্রেপ্তার ৬, মৃতের সংখ্যা বেড়ে ১০পুনে শহরে শনিবার জঙ্গিদের বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। সোমবার হাসপাতালে মারা গেছেন অভিষেক সাক্সেনা (২৪) নামের লক্ষ্নৌর এক যুবক। ওই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মহারাষ্ট্র পুলিশ পুনে থেকে চারজন এবং আওরঙ্গাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা ভারতের জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীনের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুনের পুলিশ কমিশনার সত্যপাল সিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনাস্থল জার্মান বেকারিতে রাখা সিসিটিভির ফুটেজ ধরে এখন তদন্ত এগোচ্ছে। তাঁদের কাছে ইতিমধ্যে বিস্ফোরণের ফরেনসিক প্রতিবেদন এসেছে। তা থেকে প্রমাণিত হয়েছে, জঙ্গিরা বিস্ফোরণে আরডিএক্স, অ্যামোনিয়াম নাইট্রেট এবং হাইড্রোকার্বন ব্যবহার করেছে। পুলিশের ধারণা, লস্কর-ই-তাইয়েবাই ইন্ডিয়ান মুজাহিদীনের ছত্রচ্ছায়ায় থেকে পুনেতে এ বোমার বিস্ফোরণ ঘটায়। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পুনের বিখ্যাত খাবারের দোকান জার্মান বেকারিতে সন্ত্রাসীরা ওই বিস্ফোরণ ঘটায়। এতে ওই দিন নিহত হয় নয়জন। গুরুতর জখম হয় আরও ৫৭ জন। নিহত ব্যক্তিদের মধ্যে কলকাতার বাসিন্দা তিনজন। তাঁরা হলেন: শিল্পা গোয়েঙ্কা, অঙ্কিত ধর এবং অনিন্দী ধর। অঙ্কিত এবং অনিন্দী দুই ভাইবোন। তাঁরা পুনেতে পড়াশোনা করতেন। ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় মারা গিয়েছিল ১৭৫ জন। এর আগে ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওতে তিনটি বিস্ফোরণে নিহত হয়েছিল আটজন। ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর সেই মালেগাঁওতেই ধারাবাহিক বিস্ফোরণে নিহত হয়েছিল ৩৭ জন। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে মারা গিয়েছিল ২০০-এর বেশি মানুষ। এ ছাড়া ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইতে ধারাবাহিক বিস্ফোরণে নিহত হয়েছিল ২৫০ জনেরও বেশি মানুষ।