পুরুষ মানুষ বিলুপ্ত হচ্ছে না
পুরুষ মানুষ হয়তো বা বিলুপ্ত হবে না। নতুন এক গবেষণার ফলাফলে এমনই তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। মার্কিন গবেষকদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আগের এক গবেষণার ফলাফলে বলা হয়েছিল, মাতৃগর্ভে ছেলেসন্তান জন্ম দেওয়ার আবশ্যক উপাদান ওয়াই সেক্স ক্রোমোজোম আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এই সেক্স ক্রোমোজোম কেবল পুরুষেরাই বহন করে। ক্রোমোজোমের ভেতরে থাকা একটি জিন পুরুষের অণ্ডকোষ হওয়ার ও পুরুষ হরমোন নিঃসরণের চাবিকাঠি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ জেনিফার গ্রেভস বলেছিলেন, বংশানুক্রমিক-ভাবে ওয়াই ক্রোমোজোম কমতে থাকায় ৫০ লাখ বছরের মধ্যে পৃথিবী থেকে পুরুষের নাম-নিশানা মুছে যাবে। ২০০৩ সালে প্রকাশিত জেনেটিকস বিশেষজ্ঞ ব্রায়ান সাইকসের বই অ্যাডামস কার্স: আ ফিউচার উইদাউট ম্যান-এ ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এক লাখ বছরের মধ্যে ওয়াই ক্রোমোজোম এবং এর সূত্র ধরে পুরুষ মানুষের বিলুপ্তি ঘটবে। মানুষের এক্স ও ওয়াই ক্রোমোজোমের মধ্যে তুলনা করে বিজ্ঞানীরা এই ভবিষ্যদ্বাণী করেন। বিজ্ঞানীদের ধারণা, স্তন্যপায়ী প্রাণীর ইতিহাসের প্রথম দিকে এই ক্রোমোজোম দুটি অভিন্ন ছিল। এখন আর তা নেই। ওয়াই ক্রোমোজোমে জিন রয়েছে প্রায় ৭৮টি, এক্স ক্রোমোজোমে জিন প্রায় ৮০০টি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের হোয়াইটহেড ইনস্টিটিউটের জেনিফার হিউজ ও তাঁর সহকর্মীরা অনুসন্ধান চালান।এই তুলনামূলক গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পান, সম্প্রতি ওয়াই ক্রোমোজোমে জেনেটিক ক্ষয় আগের চেয়ে অনেক কমে এসেছে। গত ৬০ লাখ বছরে মানব ক্রোমোজোমে কোনো জিনের বিলুপ্তি ঘটেনি।বেশির ভাগ মানবকোষে ২৩ জোড়া করে ক্রোমোজোম থাকে। এর মধ্যে এক জোড়া করে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম রয়েছে। নারীর মধ্যে দুটি করে এক্স ক্রোমোজোম রয়েছে। পুরুষের মধ্যে রয়েছে এক্স ও ওয়াই ক্রোমোজোম। বিবিসি।