পুরোদমে প্রচারণায় ওবামা-রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতের পর জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে। সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনি পুরোদমে প্রচারণায় ফিরে গেছেন। আগামী মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে অন্তত অর্ধশতাধিক প্রতিষ্ঠান ঘণ্টায় ঘণ্টায় জনমত জরিপের ফল প্রকাশ করছে। প্রায় সবগুলো জরিপের ফলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। জনমত জরিপকারী প্রতিষ্ঠান রিয়াল ক্লিয়ার পলিটিকসের প্রকাশিত গড় জাতীয় জনমত জরিপের ফলে দেখা যায়, ওবামার প্রতি ৪৭ দশমিক ৪ শতাংশের সমর্থন রয়েছে। রমনির পক্ষে রয়েছে ৪৭ দশমিক ৩ শতাংশের সমর্থন। ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, উভয় প্রার্থীর ব্যবধান মাত্র ১ শতাংশ।মার্কিন শ্রম বিভাগের সর্বশেষপ্রকাশিত তথ্য ওবামার জন্যসুখবর নিয়ে এসেছে। শ্রম বিভাগ জানায়, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে এক লাখ৭১ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে সমস্যা হলো, একই সময়েবেকারত্বের হার বেড়ে ৭ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এই হার ছিল৭ দশমিক ৮। মার্কিন নির্বাচনে কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়হিসেবে দুই শিবিরেই ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।টানা তিন দিন দুর্যোগ ব্যবস্থাপনায় তৎপর থাকার পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা বৃহস্পতিবার এক দিনেই চষে বেড়িয়েছেন চারটি অঙ্গরাজ্য। রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি প্রচারণা চালিয়েছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। স্যান্ডির ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়ে ওবামা সাধারণ জনমতে ইতিবাচক অবস্থানে রয়েছেন। ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। স্বতন্ত্র রাজনীতিবিদ ব্লুমবার্গের সমর্থন ওবামা শিবিরকে কিছুটা হলেও চাঙা করেছে। ওবামা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্লুমবার্গের সমর্থনকে স্বাগত জানিয়েছেন। ওবামা বৃহস্পতিবার উইসকনসিন, নেভাদা, কলোরাডো ও ওহাইও অঙ্গরাজ্যে প্রচারণা চালান। প্রচারণায় সমর্থকদের উদ্দেশে ওবামা বলেন, প্রকৃত পরিবর্তন কী, তা আমিই জানি। তিনি তাঁকে আবারও নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। রমনি তাঁর প্রচারণায় সমর্থকদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের ধসে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারে তাঁর মতো ব্যবসা-বাণিজ্যে অভিজ্ঞ একজনকে বেশি প্রয়োজন।রিপাবলিকান শিবির ওবামাকে ‘সমাজতন্ত্রী’ চিহ্নিত করে বিজ্ঞাপন প্রচার করছে। একটি বিজ্ঞাপনে দেখানো হয়, ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক আদর্শের প্রেসিডেন্ট হুগো চাভেজ এবং কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর নিকটাত্মীয় মার্কিন নির্বাচনে ওবামাকে সমর্থন করেন। অপর একটি বিজ্ঞাপনে বলা হচ্ছে, সমাজতন্ত্র গরিবকে আরও গরিব করে। ধনীর সম্পদ কেড়ে নেয়। মানুষের কর্মস্পৃহা হ্রাস করে। সমাজতন্ত্রের ভাবধারা ‘স্বপ্নের আমেরিকার’ পরিপন্থী উল্লেখ করে বিজ্ঞাপনে রমনিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। ঘূর্ণিঝড় স্যান্ডি-দুর্গত নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ও ওবামার সাম্প্রতিক উষ্ণ সম্পর্ক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী প্রচারণার শুরুতে রমনির পক্ষে সক্রিয় ছিলেন ক্রিস্টি।