উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর সরকারকে ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তোলায় এবং রাজ্যের দুর্নীতির নথি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়ায় গত শুক্রবার রাতে এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে জোরপূর্বক মানসিক হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভারতের টাইমস নাউ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ফায়ার সার্ভিস বিভাগের ডিআইজি দেবেন্দ্র দত্ত মিশ্র যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সংশ্লিষ্ট নথিপত্র ফাঁস করে দেওয়ার হুমকি দেন। তিনি অভিযোগ করেন, জ্যেষ্ঠ কর্মকর্তারা কোটি কোটি রুপি আত্মসাৎ করেছেন এবং তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংক্রান্ত নথিগুলো ছেড়ে দেওয়ার জন্য তাঁকে চাপ দিয়ে যাচ্ছেন।লক্ষৌতে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুলিশ কর্মকর্তা মিশ্র রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে তুলোধুনা করেন। এ সময় তিনি ক্ষমতালোভীদের কর্মকাণ্ডের বেশ কিছু উদাহরণ টেনে আনেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতীর সমালোচনা করে মিশ্র বলেন, মায়াবতী সরকারের সব পর্যায়ে দুর্নীতি গেড়ে বসেছে। তারা জনগণের সমর্থন কিনে নিতে প্রচুর পরিমাণে অর্থ ঢেলেছে। তিনি বলেন, ‘প্রত্যেককে কেনা হয়ে গেছে। ভণ্ড লোকেরা আমাকে সান্ত্বনা দিতে আসছে। এর পরও সরকার সাহস দেখাচ্ছে।’সরকারের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা মিশ্র যে বক্তব্য দিয়েছেন তা সুস্পষ্টভাবেই ভারতের সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন। এ জন্য তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে মিশ্র বলেছেন, তিনি এসবের তোয়াক্কা করেন না। তিনি বলেন, ‘নির্ভয়ে নিজের মতামত প্রকাশের কারণে যেকোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে আমি প্রস্তুত। মমতা, মহাত্মা গান্ধী এবং আন্না হাজারে আমার আদর্শ।’ তবে লক্ষৌ পুলিশের ডিআইজি দাবি করেন, মিশ্র অস্বাভাবিক আচরণ করছিলেন। মনে হয় তাঁর মানসিক সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তিনি এবং অন্য সরকারি কর্মকর্তারা তাঁর কার্যালয়ে যান। এ সময় মিশ্রের মেয়েসহ অন্যরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। তবে এক ঘণ্টা ধরে তিনি যেসব কথাবার্তা বলতে থাকেন, তাতে বোঝা যায়, তিনি অসংলগ্নভাবেই বকে যাচ্ছিলেন। উল্লেখ্য, আর দুই বছর পর মিশ্রের অবসরে যাওয়ার কথা। টাইমস অব ইন্ডিয়া।