পুলিশ-বিদেশি নারীর মামলায় চাপে এএপি
উত্তর ভারতে মাঘ মাসের ঠান্ডা যে কী জিনিস, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোম ও মঙ্গলবার টানা ৩৩ ঘণ্টা খোলা আকাশের নিচে ধরনা দিয়ে দুই ‘অবাধ্য’ পুলিশ সদস্যকে ছুটিতে যেতে বাধ্য করার পর তাঁর নিজেকে যেতে হয়েছে হাসপাতালে।
গতকাল বুধবার সকালে কেজরিওয়াল জ্বর ও প্রবল কাশি নিয়ে বাড়ির কাছে যশোদা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানান, মুখ্যমন্ত্রী প্রবল ব্রংকাইটিস ও জ্বর নিয়ে ভর্তি হন। সিটি স্ক্যানসহ তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সন্ধ্যায় তিনি বাড়ি গেলেও তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আম আদমি পার্টির (এএপি) পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী সুস্থ বোধ করলেই সচিবালয়ে যাবেন।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াইয়ে আংশিক জয়ের পর মঙ্গলবার রাতে ধরনা তুলে নেওয়া হলেও এএপির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ধরনাস্থলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে অজ্ঞাতব্যক্তিদের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলা করেছে পুলিশ। রাজনৈতিক টানাপোড়েন বাড়লে এই মামলাকে হাতিয়ার করে কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীর ওপরও প্রবল চাপ বাড়ছে। মাদক ও দেহ ব্যবসার অভিযোগ এনে খিড়কি গ্রামে যে বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমনাথ দিল্লি পুলিশকে চাপ দিয়েছিলেন, সেই বিদেশিদের অন্যতম উগান্ডার এক নারী সোমনাথের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন। এতে তিনি বলেন, সোমনাথের নেতৃত্বেই একদল মানুষ গভীর রাতে বাড়িতে ঢুকে তাঁদের হেনস্তা করেছে। সোমনাথকে তিনি শনাক্ত করতে পেরেছেন। পুলিশ যাতে এই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়, সে জন্য দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ) ও জাতীয় নারী কমিশনও (এনসিইউ) চাপ সৃষ্টি করেছে। ডিসিডব্লিউর চেয়ারপারসন বরখা সিং জানান, তাঁরা সোমনাথকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি হাজির হননি। আরেকবার সমন জারি করা হবে। তাতেও সাড়া না দিলে তাঁরা উপরাজ্যপাল ও দিল্লি পুলিশকে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে বলবেন। এনসিইউর চেয়ারপারসন মমতা শর্মা বলেন, সোমনাথ যা করেছেন, তা শুধু নিন্দনীয় নয়, বেআইনিও। আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
নানা মহলের এই চাপ এএপি কীভাবে মোকাবিলা করবে, তা এখনো অজানা। আপাতত সোমনাথকে চুপ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যেভাবে মুখ্যমন্ত্রীসহ গোটা মন্ত্রিসভা দাবি আদায়ে রাস্তায় ধরনায় বসল, তার সমালোচনাও দলের ভেতর কেউ কেউ শুরু করেছেন। এএপির শিক্ষিত, শালীন সমর্থকদের কেউ কেউ এই আচরণ পছন্দ করছেন না।