পুলিশ হত্যাকাণ্ডটি দেখল, কিছুই করল না
পাকিস্তানের লাহোর হাইকোর্টের সামনে সম্মান রক্ষার নামে (অনার কিলিং) ফারজানা পারভীনকে যখন পাথর ছুড়ে মারা হচ্ছিল, তখন পুলিশ চেয়ে চেয়ে দেখছিল। ফারজানার স্বামী মোহাম্মদ ইকবাল বিবিসির কাছে এ অভিযোগ করেন।
ফারজানা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ইকবাল বিবিসিকে বলেন, তারা (পুলিশ) দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারজানার হত্যাকাণ্ড দেখছিল। কিছুই করল না। তিনি এ হত্যাকাণ্ডে পুলিশের নীরব দর্শকের ভূমিকাকে ‘লজ্জার’ ও ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন।
পরিবারের অমতে পছন্দের মানুষকে বিয়ে করায় ফারজানার বাবা-ভাইসহ পরিবারের সদস্যরা তাঁকে হত্যা করে।
পাকিস্তানে প্রতি বছরই অনার কিলিংয়ের নামে কয়েক শ নারীকে হত্যা করা হয়।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর অনার কিলিংয়ের এর নামে ৮৬৯ জন নারীকে হত্যা করা হয়েছে। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই বলেন, তিনি এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। একই সঙ্গে তিনি এ ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নাভি পিল্লাই বলেন, ‘আমি অনার কিলিং শব্দটিও উচ্চারণ করতে চাই না। অনার কিলিংয়ের নামে একজনকে নারীকে এভাবে হত্যা করার মধ্যে সম্মানের কিছুই নেই।’
মোহাম্মদ ইকবাল বিবিসিকে আরও বলেছেন, ‘আমরা সাহায্যের জন্য চিত্কার করেছি। কিন্তু কেউ শোনেনি। আমার এক আত্মীয় বাতাসে কাপড় নেড়ে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিন্তু তারা আসেনি।’
এ ঘটনার পর পাকিস্তানে সুশীল সমাজে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে অনেকেই একে ‘ভয়ানক’ ও ‘বিভীষিকাময়’ বলে উল্লেখ করেছেন। দেশটির ইংরেজি পত্রিকাগুলো কড়া ভাষায় এ নৃশংস হত্যাকাণ্ডের সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করেছে। তবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়াই জানায়নি উর্দু ভাষার গণমাধ্যমগুলো।
ফারজানার বাবা পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও বাকিরা ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করছে না পুলিশ।
ইকবাল অভিযোগ করেন, ফারজানার পরিবারের লোকজন তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে হুমকি দিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার তারা ফারজানার লাশ ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছে।
স্থানীয় পুলিশের প্রধান মুজাহিদ হোসেইন বলেন, ‘আমরা অনেককে গ্রেপ্তার করেছি। আর অন্যদের ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।’
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন ২৭ মে জানিয়েছিল, দূর সম্পর্কের এক ভাইয়ের সঙ্গে ফারজানার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার তাঁকে অন্য একজনের সঙ্গে বিয়ে দেয়। পরে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলে তাঁকে অপহরণের অভিযোগে তাঁর নতুন স্বামীর বিরুদ্ধে মামলা করে তাঁর পরিবার। এ অবস্থায় ফারজানা আদালতে এসেছিলেন এ কথা জানাতে যে, তাঁকে অপহরণ করা হয়নি, তিনি স্বেচ্ছায় ওই ব্যক্তিকে বিয়ে করেছেন।
ফারজানা ওই দিন আদালতের কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০-১২ জন মানুষ তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে তাঁর বাবা, দুই ভাই ও আগের স্বামীও ছিলেন।
ইকবাল বলেন, সেদিন যখন তাঁরা আদালত প্রাঙ্গণে যান, তখন আগে থেকেই ফারজানার আত্মীয়রা সেখানে অপেক্ষা করছিলেন এবং তাঁকে নিয়ে যেতে চান। কিন্তু ফারজানা নিজেকে ছাড়িয়ে নিতে গেলে তাঁরা তাঁকে মেঝেতে ছুড়ে ফেলেন। এরপর তাঁরা ফারজানাকে পাথর ছুড়ে মারেন। এতে তাঁর মাথা থেঁতলে যায়। সেখানেই মারা যান ফারজানা।