পুলিশ হেফাজতে কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচরাচর চোর, ডাকাতসহ নানা অপরাধীকে গ্রেপ্তার করলেও জার্মান পুলিশ এবার গ্রেপ্তার করল একটি কুমিরকে। দুই বছর বয়সী এই কুমিরটিকে গ্রেপ্তার করা হয় জার্মানির ছোট্ট শহর গ্রোস রোরহেইম থেকে। রাস্তায় কুমিরটিকে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ প্রথমে তা বিশ্বাস করতে চায়নি। কেউ কৌতুক করছে মনে করে খবরটিকে তারা প্রথমে তেমন একটা পাত্তা দেয়নি। পুলিশের একজন কর্মকর্তা খবরের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গেলে কুমির দেখে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। তারপর তিনি অন্য পুলিশদের খবর দেন ঘটনাস্থলে যেতে। তারা সেখানে গিয়ে চোঁয়াল বেঁধে কুমিরটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়, কুমিরটি ধরার জন্য প্রশিক্ষিত লোকবলের অভাব থাকলেও তারা এটিকে শেষ পর্যন্ত কব্জায় আনতে সক্ষম হয়। থানায় এনে কুমিরটিকে একটি বড় পাত্রে রাখা হয়। পরে এটি তুলে দেওয়া এর মালিকের কাছে।পুলিশ জানায়, একটি সার্কাস দল কুমিরটিকে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত এটি রাস্তায় পড়ে যায়। আর তাতে দেখা দেয় এই বিপত্তি। টেলিগ্রাফ।