পুলিশকে চড় মারার অভিযোগে মমতার ভাইপো গ্রেপ্তার
পুলিশকে চড় মারার অভিযোগে গতকাল বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে আকাশ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দুই সঙ্গীকেও পুলিশ গ্রেপ্তার করে।কলকাতার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল খিদিরপুরের মোড়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় পুলিশ কালো রঙের একটি টাটা ইনোভা গাড়ি থামায়। এর পরই গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ পুলিশকে চড় মারেন। তিনি পুলিশকে গালাগাল করেন। এ সময় পুলিশের সঙ্গে আকাশ ও তাঁর দুই সঙ্গীর ধাক্কাধাক্কি হয়।ঘটনার সময় ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্জেন্টসহ পুলিশের অনেক সদস্য উপস্থিত ছিলেন। ঘটনার পর পরই পুলিশ গাড়িসহ অভিযুক্ত ব্যক্তিদের আটক করলেও মুখ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় পাওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।ইতিমধ্যে ভারতের গণমাধ্যমে ঘটনাটির ব্যাপক প্রচার শুরু হয়। তৃণমূল কংগ্রেস জোটের শরিক কংগ্রেসের নেতারা মুখ্যমন্ত্রীর ভাইপোকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।এর পরই পুলিশ আকাশসহ তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৩ ধারাসহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।