পুলিশকে মাদকের মান যাচাই করতে ডেকে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

মাদক কারবারির কাছ থেকে মাদক কিনেছিলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। তবে মাদকের মান নিয়ে তাঁর মনে সংশয় ছিল। সংশয় দূর করতে ওই মাদক সেবনের আগে তিনি ফোন করে পুলিশ ডাকেন। এরপর পুলিশকে মাদকের মান যাচাই করতে বলেন। এমন ঘটনায় হতবাক পুলিশ। পরে পুলিশ ওই মাদকসেবীকে গ্রেপ্তার করে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হারনান্দো কাউন্টির। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত উল্লেখ করে হারনান্দো কাউন্টির শেরিফ অফিসের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম থমাস ইগুয়েন কোলুচ্চি।

পুলিশ জানায়, সেবনের আগে মাদকের মান নিয়ে থমাস ইগুয়েনের মনে প্রশ্ন দেখা দেয়। তিনি জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ দ্রুত তাঁর বাড়িতে যায়। এ সময় তিনি পুলিশের হাতে ছোট দুটি ব্যাগে থাকা মাদক তুলে দেন। তিনি পুলিশকে এর মান যাচাই করে দিতে বলেন।

প্রতিবেদনে বলা হয়, থমাস ইগুয়েন পুলিশকে বলেন, তাঁর মনে হচ্ছে, এগুলো মাদক নয়, বাথ সল্ট। মাদক কারবারি তাঁকে ঠকিয়েছে। তাই তিনি পুলিশ ডেকেছেন। কেননা, তিনি চান না ওই মাদক কারবারি তাঁর মতো অন্য কাউকে ঠকাক। ‘ভুয়া মাদক’ বিক্রি করুক। থমাস ইগুয়েনের এমন কথা অবাক করে পুলিশকে।

পুলিশ থমাস ইগুয়েনের কাছে থাকা মাদক জব্দ করে। পরীক্ষা করে দেখা যায়, ওগুলো মোটেও ভুয়া নয়, বরং আসল মাদক। এতে কপাল পোড়ে থমাস ইগুয়েনের। গ্রেপ্তার হন তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধ উপায়ে মাদক কেনা, নিজের সংগ্রহে রাখা ও সেবনের অভিযোগ এনেছে পুলিশ।