পুলিশি তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও তাঁর স্ত্রী কার্লা ব্রুনির নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার গুজব ছড়ানোর পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে ফরাসি পুলিশ ফৌজদারি তদন্ত শুরু করেছে। জার্নাল ডু ডিমানসে (জেডিডি) পত্রিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।বিভিন্ন পত্রিকায় প্রেসিডেন্ট সারকোজি পরিবেশমন্ত্রী চানটাল জোওয়ান্নোর সঙ্গে এবং কার্লা ব্রুনিকে গায়ক বেনজামিন বিওলের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে খবর প্রকাশিত হয়। কোনো ভিত্তি ছাড়াই কল্পনাপ্রসূত এ খবর প্রকাশ করা হয়েছে। পরিকল্পিতভাবে কেউ এমন গুজব ছড়িয়েছে কি না, তদন্তে তাই খতিয়ে দেখবে পুলিশ।সারকোজির গণমাধ্যম উপদেষ্টা পিয়েরে চ্যারো বলেন, ‘প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর নামে গুজব ছড়ানো সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। আমরা অবশ্যই মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করব।’ তবে জেডিডির আইনি পদক্ষেপ নেওয়ার পেছনে সারকোজির হাত নেই বলে তিনি দাবি করেন। চ্যারোর এমন বক্তব্যকে ‘হুমকি’ বলে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন সাংবাদিকেরা। এ ছাড়া অনেক পত্রিকার ভাষ্য, জেডিডির আইনি প্রক্রিয়ায় যাওয়ার পেছনে প্রেসিডেন্ট সারকোজির সরাসরি হাত আছে। উল্লেখ্য, জেডিডির মালিক আরনাওড লাগারেদ্রে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু।সারকোজির আইনজীবী থিয়ের হারজগ বলেন, ‘আমরা নিশ্চিত, এই গুজব ছড়ানোর পেছনে কেউ না কেউ জড়িত আছে।’ বিবিসি।