পুলিশের কাণ্ড দেখা যায় জর্জিয়ায়

জর্জিয়ার প্রাচীন শহর তিবলিসি। সেখানে ঝকঝকে কাচঘেরা বড় বড় ভবন। প্রথম দর্শনে মনে হবে তা যেন কোনো গাড়ির শো-রুম। কিন্তু কাছে গিয়ে দাঁড়ালে ভুল ভাঙবে। দেখা যাবে, কাচে ঘেরা এসব স্বচ্ছ ভবন আসলে পুলিশের থানা। ভেতরে পুলিশ কী করছে, তা বাইরে থেকে দেখা যায় পরিষ্কার। এই স্বচ্ছতা যেন সাধারণ মানুষের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহির বিষয়টিকে স্পষ্ট করে তুলেছে। এক দশক আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ছিল জর্জিয়া। সে কলঙ্ক মোচন দেশটির জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ওই সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জর্জিয়া শাখার কর্মকর্তা মার্ক মুলেন বলেন, ‘ওই সময় মানুষের মধ্যে ভাবটা ছিল যেন দুর্নীতি করা গর্বের ব্যাপার।’ ঘুষ ছাড়া কোনো সরকারি কাজ আশাই করা যেত না। মানুষ চরম তিতিবিরক্ত ছিল প্রশাসনের ওপর। তাই ২০০৩ সালের জনগণ ভোট দিয়ে বিদায় জানান ৩০ বছরের বেশি সময় ধরে শাসনকারী এদুয়ার্ড শেভার্দনাদজেকে। ‘গোলাপ বিপ্লবের’ মাধ্যমে ক্ষমতায় আসেন মিখেইল সাকাশভিলি। এসেই তিনি ঘোষণা দেন, স্বচ্ছতার ক্ষেত্রে জর্জিয়াবাসী যা কখনো দেখেননি, তিনি এমন কিছু করে দেখাবেন। প্রথমেই তিনি থানা ভবনগুলোতে কাচের দেয়াল জুড়ে দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশ বাহিনীকে পুনর্গঠনের ঘোষণা দেন।
মার্ক মুলেন জানান, ২০০৩ সালের আগে জর্জিয়ায় তখন সব ধরনের বাণিজ্যিক আদান-প্রদান হতো টেবিলের নিচ দিয়ে। কোনো অবকাঠামো নির্মাণের অনুমতি নিতে হলে বা প্রতিষ্ঠান করতে গেলে ঘুষ দিতে হতো। কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে বা ভালো ফল করতে চাইলে সংশ্লিষ্টদের তোষামোদ করতে হতো। এমনকি বিদ্যুত্ ঘাটতির মধ্যে বাড়িতে বিদ্যুত্ চাইলেও দিতে হতো ঘুষ। কিছু চাকরি ছিল, যা মামা-চাচার সহায়তা ছাড়া সম্ভবই ছিল না।
সবচেয়ে বেশি ঘুষ লাগত ট্রাফিক পুলিশের চাকরি পেতে। এতে ওই কর্মকর্তা চাকরিতে ঢুকেই খসানো অর্থ তুলতে ব্যস্ত হয়ে পড়তেন। এই উেকাচের আদান-প্রদান চলত নিচু থেকে ওপরতলা পর্যন্ত।
নতুন সরকার ক্ষমতায় এসেই পুলিশ বাহিনীর পুনর্গঠনের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ বাহিনীতে ১৬ হাজার চাকরি কাটছাঁট করা হয়। সেখানে টহল পুলিশকে বদলি করা হয়। বাড়িয়ে দেওয়া হয় তাঁদের বেতন-ভাতা। রাখা হয় গভীর নজরদারিতে।
ক্যাপ্টেন নিনো গিভিনিয়ানিদজে বলেন, ‘অতীতে অনেকেই পুলিশকে ঘুষ দিতে চাইতেন। কিন্তু এখন সবাই জানে পুলিশ ঘুষ নেয় না।’ এই স্বচ্ছতা পুলিশ প্রশাসনেই প্রতিষ্ঠিত হয়নি, অনেক ক্ষেত্রেই এখন এই স্বচ্ছতা বিদ্যমান। জর্জিয়া সরকার গণসেবার সুবিধার্থে অনেক ভবন স্থাপন করেছে। এখান থেকে লোকজন কোনো ধরনের ঘুষ না দিয়েই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।
পাবলিক সার্ভিস হলের ব্যবস্থাপক জানান, ১৬ বছর বয়সে তিনি যখন তাঁর প্রথম পাসপোর্ট করাতে যান, তখন তাঁকে ঘুষ দিতে বলা হয়েছিল। আর এখন পাসপোর্টের জন্য শুধু এসে একটি ছবি তুলে গেলেই হয়। কোনো কাগজপত্রও আনতে হয় না।’
তবে কেবল পুলিশ বা সরকারি সেবাদান সংস্থাগুলোর স্বচ্ছতার মধ্য দিয়ে দুর্নীতি পুরোপুরি দমন করা সম্ভব নয় বলে মনে করেন অনেকে। অনেকের মতে, এসব নতুন নিয়মকানুন অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা এনে দিয়েছে।
জর্জিয়ার অন্যতম বড় টেলি কোম্পানির সাবেক কর্ণধার মামিয়া সানাদিরাদজে অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে তাঁকে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর গোপন নজরদারি করতে বলা হয়। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় অল্প সময়ের মধ্যে তাঁর কোম্পানির বেশ কিছু কেবল কেটে দেওয়া হয়।
কর অফিস থেকে তাঁকে ৫০ লাখ পাউন্ড জরিমানা করা হয়। এ অর্থ দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে একপর্যায়ে তাঁকে কোম্পানি গছিয়ে দিতে হয় সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকা ব্যবসায়িক গোষ্ঠীর কাছে। তিনি অভিযোগ করেন, সরকারের আচরণ অনেকটাই ‘অপরাধ চক্রের’ মতো। সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান কৌঁসুলির কার্যালয় ও কর পুলিশকে ব্যবহার করে বিত্তবান নাগরিকদের ওপর এমন চাপ সৃষ্টি করছে, এতে তাঁরা তাঁদের সম্পত্তি সরকারের কাছে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
গত অক্টোবরে প্রেসিডেন্ট সাকাশভিলির দল ইউএনএম দল নির্বাচনে হেরে গেলেও তিনি স্বপদে রয়েছেন। তবে ক্ষমতায় এসেছে নতুন সরকার, যার প্রধান সাকাশভিলির কোটিপতি প্রতিদ্বন্দ্বী বিদজিনা ইভানিশভিলি। তিনি বলেন, ‘নিম্ন ও মাঝারি পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে আমাদের পূর্বসূরিরা সফল। কিন্তু আগে যেখানে নিম্ন পর্যায়ে যারা ঘুষ খেয়েছে, তার ভাগীদার ছিল উচ্চ পর্যায়ের একটি দলও। এখন নিম্ন পর্যায়ে দুর্নীতি দূর হলেও সেই উচ্চ পর্যায়ের কী হবে? এটি ছিল অভিজাত শ্রেণীর দুর্নীতি।’
তবে প্রেসিডেন্ট মিখাইল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিচারব্যবস্থা হয়তো পুরোপুরি স্বাধীন নয়। আইনজীবীরা হয়তো অনেক ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কিন্তু এখন কেউ ঘুষ নেয় না, কেউ অর্থ চুরি করে না।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি অর্থ বেসরকারি খাতে ব্যয় করার অভিযোগ উঠেছে। দেশটির পার্লামেন্টের একটি কমিটির প্রতিবেদনে বলা হয়, বিলাসবহুল হোটেলের থাকা-খাওয়া, চিত্রকর্ম ক্রয় এবং সৌন্দর্যচর্চায় তিনি নিরাপত্তা তহবিলের প্রচুর অর্থ ব্যয় করেছেন। বিবিসি অবলম্বনে।