পুলিশের বিরুদ্ধে মামলায় জিতলেন লন্ডনের যৌনকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন ব্যবসায় ববহূত ফ্ল্যাট তালাবদ্ধ করে রাখার পুলিশি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে জিতে গেছেন লন্ডনের কয়েকজন যৌনকর্মী। গতকাল শুক্রবার লন্ডনের একটি আদালত পুলিশের বন্ধ করে দেওয়া তাঁদের ফ্ল্যাটগুলো খুলে দেওয়ার নির্দেশ দেন।

যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, গত বছরের ৪ ডিসেম্বর  লন্ডনের সোহো এলাকায় যৌনকর্মীদের ফ্ল্যাটে প্রায় দুইশ পুলিশ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের সময় অনেক যৌনকর্মীকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে ফ্ল্যাটে তালা দিয়ে রাখা হয়। পুলিশের অভিযোগ ছিল, ওইসব ফ্ল্যাটে অনেক নারীকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে এনে যৌন ব্যবসায় লাগিয়ে দেওয়া হতো।

তবে পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে কয়েকজন যৌনকর্মী সম্প্রতি আদালতে মামলা করেন। গতকাল শুক্রবার বিচারক রায় দেওয়ার সময় বলেন, পুলিশ ওই ফ্ল্যাটগুলোতে নারীদের জোর করে যৌনকাজে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে বলে যে অভিযোগ এনেছে তার পক্ষে জোরালো কোনো প্রমাণ পেশ করতে পারেনি। ফলে ফ্ল্যাটগুলো খুলে দিয়ে স্ব স্ব মালিকের কাছে তা বুঝিয়ে দিতে আদেশ দেন আদালত।

এর মধ্য দিয়ে যৌনকর্মীরা আবার এই সব ফ্ল্যাটে তাঁদের যৌন ব্যবসা চালিয়ে যেতে পারবেন।