জনসাধারণের ওপর মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) নজরদারির চমকপ্রদ তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ করার স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান।
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন এসব গোপন তথ্য সংবাদমাধ্যমকে সরবরাহ করেছিলেন। তিনি ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন প্রকাশিত এক বিবৃতিতে বলেন, সরকারে জনগণের একটি ভূমিকা রয়েছে বলে যাঁরা বিশ্বাস করেন, তাঁদের জন্য এ শীর্ষ সাংবাদিকতা পুরস্কার বড় একটি সমর্থন। সাহসী প্রতিবেদক ও তাঁদের সহকর্মীরা মাত্রাতিরিক্ত হুমকির মুখেও দায়িত্ব পালন করেছেন। তাঁদের কাজে একটি উন্নততর ভবিষ্যৎ এবং অধিকতর জবাবদিহিমূলক গণতন্ত্র এসেছে।
গুপ্তচরবৃত্তি ও অন্যান্য অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে স্নোডেনের বিরুদ্ধে মামলা রয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। তিনি বর্তমানে রাশিয়ায় সাময়িক আশ্রয় পেয়েছেন।
সমালোচকেরা এডওয়ার্ড স্নোডেনকে একজন অপরাধী হিসেবে গণ্য করেন। তিনি ভিয়েতনাম যুদ্ধের গোপন মার্কিন দলিলপত্র ফাঁস করেন। এসব তথ্য প্রকাশ করে সংবাদপত্র হিসেবে পুলিৎজার পেয়েছে নিউইয়র্ক টাইমস।
সন্ত্রাসী হামলা প্রতিরোধের অজুহাতে যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিকের ফোন কল ও ই-মেইলের ওপর কৌশলগত নজরদারি করে সরকারি সংস্থা এনএসএ তথ্য সংগ্রহ করেছে। সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশের পর সমালোচনার ঝড় উঠলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই নজরদারি সীমিত করার নির্দেশ দেন।
পুলিৎজার পুরস্কার প্রদান কর্তৃপক্ষের প্রশাসক সিগ গিসলার বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনের ফলে ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে।