
ঘটা করে উত্তর প্রদেশের আমেথি আসনে সপরিবারে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল শনিবার বেলা দুইটায় মা সোনিয়া, বোন প্রিয়াঙ্কা, ভগ্নিপতি রবার্ট এবং দীর্ঘদিনের পারিবারিক বন্ধু রাজ্যসভার সদস্য সতীশ শর্মাকে সঙ্গে নিয়ে আমেথির গৌরীগঞ্জে জেলা প্রশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন রাহুল।
উত্তর প্রদেশের আমেথি আসনটি বহু বছর ধরেই গান্ধী পরিবারের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গেছে। প্রথমে রাজীব, পরে সোনিয়া, বর্তমানে রাহুল এই কেন্দ্রের সাংসদ। দীর্ঘদিনের পারিবারিক প্রথা মেনে এবারও মা ও বোনকে সঙ্গে নিয়ে রাহুল মনোনয়নপত্র জমা দিলেন এবং তা করার আগে সেই পারিবারিক রীতি মেনেই জেলার ছোট বিমানবন্দর থেকে গৌরীগঞ্জ পর্যন্ত করলেন এক বর্ণাঢ্য রোড শো। ছাদখোলা জাপানি জিপে চেপে হাজার হাজার সমর্থকের ভিড় ঠেলে প্রায় তিন ঘণ্টা পরে জেলা প্রশাসকের অফিসে এসে পৌঁছান রাহুল। এ সময় বোন প্রিয়াঙ্কা ছিলেন তাঁর পাশে।
রাহুলের এই রোড শো সফল করতে জেলা কংগ্রেস নেতৃত্ব চেষ্টার ত্রুটি রাখেনি। ৫০০ কেজি লাল গোলাপের পাপড়ি জায়গায় জায়গায় মজুত রাখা হয়েছিল। সারাটা পথ রাহুলের গাড়ি, তাঁর দুধ-সাদা পাঞ্জাবি ও প্রিয়াঙ্কার মেরুন ছাপা শাড়ির ওপর ঝরেছে সেই পাপড়ির বিরামহীন বৃষ্টি। সেই সঙ্গে হাজারো কণ্ঠের স্লোগান। ভাই-বোন দুজনেই হাত নাড়িয়ে রাস্তার দুই ধারে জড়ো হওয়া মানুষজনের সংবর্ধনার জবাব দিয়েছেন।
এক দিন আগেই প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, পারিবারিক বৃত্তের বাইরে, অর্থাৎ আমেথি ও রায়বেরিলির বাইরে অন্য কোনো কেন্দ্রে তিনি প্রচারে যাবেন না। এত বছর ধরে তা তিনি কখনো করেনওনি। এটাও গান্ধী পরিবারের রীতি। এবারও সেই রীতি মেনে প্রিয়াঙ্কা আমেথিতে প্রচারের মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তবে অন্যবারের তুলনায় এবার তাঁর কাজটা কঠিন। বলতে গেলে প্রায় একতরফা নির্বাচন হয়ে আসা আমেথিতে এবারই চতুর্মুখী লড়াই। বহুজন সমাজ পার্টি, বিজেপি ও আম আদমি পার্টি (এএপি) কোমর কষে নেমেছে রাহুলকে চ্যালেঞ্জ জানাতে। গত জানুয়ারি মাস থেকে এএপির নেতা কুমার বিশ্বাস আমেথিতেই ঘাঁটি গেড়ে রয়েছেন। বিজেপি তাদের রাজ্যসভা সদস্য টিভি অভিনেত্রী স্মৃতি ইরানিকে দায়িত্ব দিয়েছে রাহুলকে ‘বেলাইন’ করতে। রাহুলকে উতরোতে প্রিয়াঙ্কা ইতিমধ্যেই বার কয়েক আমেথি ও মায়ের কেন্দ্র রায়বেরিলি ঘুরে গেছেন। গতকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত আমেথিই হতে চলেছে তাঁর প্রায় পাকা ঠিকানা। এত বছর ধরে এটাই হয়ে আসছে।
গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির স্ত্রীকে নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছিলেন, তা মোটেই ব্যক্তিগত আক্রমণ নয়। মোদির আগের হলফনামাগুলোতে এই তথ্যের উল্লেখ না থাকার বিষয়টির অবতারণা করেছিলেন শুধু।
রাহুল আরও বললেন, আমেথির জন্য কাজ করতে তাঁর খুব ভালো লাগে। এ পর্যন্ত কী কী কাজ তিনি করেছেন, তার ফিরিস্তিও দেন। তাঁর যে কাজের প্রশংসা করে বিজেপি করা চাচাতো ভাই বরুণ গান্ধী পার্টির কাছে সমালোচিত হয়েছেন, সেই স্বনির্ভর গোষ্ঠীর কথা উল্লেখ করেন রাহুল। বলেন, কয়েকটি কাজ করতে পেরে তাঁর ভালো লেগেছে। যেমন, নারীদের স্বনির্ভর করতে পারা। এভাবে ১০ লাখ নারীর ক্ষমতায়ন করেছেন তিনি। কৃষিজাত পণ্যের উৎপাদনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জন্য ফুড পার্ক করেছেন। অবকাঠামোর উন্নয়নে তিনি জাতীয় সড়ক ও রেলপথকে এই কেন্দ্রের সঙ্গে জুড়তে পেরেছেন। রাহুল জানান, এবার তাঁর লক্ষ্য জেলার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হওয়া।
এবার জিতলে রাহুলের হ্যাটট্রিক হবে। ২০০৪ সালে ৬৬ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে তিনি জিতেছিলেন। পাঁচ বছর পরে তাঁর পাওয়া ভোটের হার ছিল ৭১ দশমিক ৭৮ শতাংশ। ১৯৯৯ সালে সোনিয়া পেয়েছিলেন ৬৭ দশমিক ৪৩ শতাংশ ভোট। কোনো এক অজ্ঞাত কারণে রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি প্রার্থী হিসেবে কাউকে দাঁড় করায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে বিরোধী বিজেপি ও বিএসপি ভোট একজোট হলেও কখনো ২২ শতাংশের বেশি হয়নি। এবার রাজনৈতিক পরিমণ্ডল অন্যান্যবারের তুলনায় কংগ্রেসের বিরুদ্ধে এবং নতুন দল এএপি চ্যালেঞ্জ জানিয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাহুলকে আমেথি থেকে হটানো নিতান্তই কঠিন হবে।