পুয়ের্তো রিকোর প্রাইমারিতে বিশাল জয় পেলেন রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি পুয়ের্তো রিকোর প্রাইমারিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। গত রোববার রাতে ওই প্রাইমারির ফল ঘোষণা করা হয়।চূড়ান্ত ফলে দেখা গেছে, ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি সেখানে মোট ভোটের ৮৩ দশমিক ৪ শতাংশই বাগিয়ে নিয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম পেয়েছেন মাত্র ৭ দশমিক ৭ শতাংশ ভোট। এ ছাড়া অপর দুই প্রতিদ্বন্দ্বী নিউট গিংরিচ ও রন পল পেয়েছেন যথাক্রমে ২ ও ১ দশমিক ১ শতাংশ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর রমনি এক প্রতিক্রিয়ায় বলেন, তাঁর বিশ্বাস, পুয়ের্তো রিকোর বাসিন্দারা এমন একজন প্রেসিডেন্ট চান, যিনি চাকরির ক্ষেত্র প্রসারে কাজ করবেন।রমনি বলেন, ‘বিশাল জনসংখ্যার এই দ্বীপ আমাদের দেশের প্রাণশক্তিকে বিভিন্ন উপায়েই সমৃদ্ধ করে থাকে। নির্বাচিত হলে এই দ্বীপের ভাগ্যোন্নয়ন ও প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করাই হবে আমার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি।’আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগস্টে অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থিত এই দ্বীপের মাত্র ২০ জন প্রতিনিধি থাকবেন। তবে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের কাছে এটি গুরুত্বপূর্ণ হওয়ার বড় কারণ হচ্ছে, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হিসপানিক ভোটারদের বেশির ভাগই সেখানে বসবাস করেন। বড় জয় পাওয়ায় রমনি এখানকার সব প্রতিনিধিরই সমর্থন পাবেন। মনোনয়ন দৌড়ে এখনো টিকে থাকা চারজনেরই লক্ষ্য মোট এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন লাভ করা। এটাই কেবল তাঁদের এনে দিতে পারে মনোনয়নের চূড়ান্ত টিকিট।গত শনিবার সকালে পুয়ের্তো রিকোতে পৌঁছান মিট রমনি। তিনি স্থানীয় একটি ফলের বাজার পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেছিলেন, সফলতার ব্যাপারে তিনি আশাবাদী। তবে রমনিকে সেখানে বিপুল বিজয় থেকে বঞ্চিত করার ব্যাপারে আশাবাদী ছিলেন স্যান্টোরাম। তাঁর বড় ভরসা ছিল খ্রিষ্টান ও এভানজেলিকাল সমর্থকেরা, যাঁরা রমনিকে পছন্দ করে না।তবে স্যান্টোরামের একটি মন্তব্যই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। গত সপ্তাহে স্যান্টোরাম ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আগে পুয়ের্তো রিকোকে দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি চালু করতে হবে। বিশ্লেষকদের ধারণা, এ মন্তব্যই তাঁকে ডুবিয়েছে ।এদিকে পুয়ের্তো রিকোর পর রিপাবলিকানদের নজর এখন ইলিনয় অঙ্গরাজ্যের দিকে। আজ মঙ্গলবার সেখানে প্রাইমারি অনুষ্ঠিত হবে। এএফপি।