পূর্ব ইউক্রেনের নিরাপত্তা ভবন ঘেরাও করেছে রুশপন্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়াপন্থী আন্দোলনকারীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি শহর ডানটাস্ক ও লুহানস্কের রাষ্ট্রীয় নিরাপত্তা ভবন ঘেরাও করে ফেলেছেন। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লুহানস্কে বিক্ষোভকারীরা নিরাপত্তা ভবন থেকে অস্ত্র লুট করে নিয়েছে। পুলিশ পাল্টা পদক্ষেপ হিসেবে রাস্তা অবরোধ করে রেখেছে।

গতকাল রোববার বিক্ষোভকারীরা ডানটাস্ক, লুহানস্ক ও ও কারকিভে আঞ্চলিক সরকারি ভবনগুলোর ভেতরে ঢুকে গেছে। এ অবস্থায় ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আলেকজেন্দ্রার তুরচিনভ জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গত মাসে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর এই উত্তেজনা আরও বেড়ে যায়। ইউক্রেনের সীমান্তে মোতায়েন করা রাশিয়ার সেনারা এখনো অবস্থান করছে। এ অবস্থায় রাশিয়াপন্থীরা ইউক্রেনে তাদের অবস্থান জোরালো করতে তত্পর।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা কারকিভের সরকারি ভবন ছেড়ে চলে গেছে। তবে লুহানস্কের পুলিশ আজ জানায়, অপরিচিত ব্যক্তিরা নিরাপত্তা ভবনে ঢুকে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র লুটে নেয়।