পূর্ব চীন সাগরে চীনের নৌমহড়া
জাপানের সঙ্গে দ্বীপপুঞ্জ নিয়ে উত্তেজনার মধ্যেই পূর্ব চীন সাগরে গতকাল শুক্রবার নৌমহড়া চালায় চীন। সার্বভৌমত্ব রক্ষার্থে জরুরি প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে চীনের এই নৌমহড়া। রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়। সিনহুয়া জানায়, সমুদ্র পর্যবেক্ষণ ও মৎস্য সংস্থার জাহাজসহ মহড়ায় ১১টি জাহাজ ও আটটি বিমানবাহী জাহাজ অংশ নেয়। চীন শুক্রবার এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা বললেও পূর্ব চীন সাগরের ঠিক কোথায় এটি অনুষ্ঠিত হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।চীন, জাপান ও তাইওয়ান—সবাই পূর্ব চীন সাগরের একটি দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করছে। জাপানে দ্বীপপুঞ্জটি সেনকাকু ও চীনে দিয়াওউ নামে পরিচিত। দ্বীপপুঞ্জটি বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। এটি ওকিনাওয়ার দক্ষিণে ও তাইওয়ানের উত্তরে অবস্থিত।সম্প্রতি জাপান দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপ কিনে নেওয়ার ঘোষণা দেওয়ায় চীনে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেখানে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে ও জাপানি দূতাবাসে হামলার চেষ্টা চালায়। এদিকে জাপানের দ্বীপপুঞ্জ কেনার ঘোষণার পর থেকেই দ্বীপপুঞ্জের আশপাশের জলসীমায় চীন ও তাইওয়ানের জাহাজ আসা-যাওয়া শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে জাপান সতর্ক করে দিয়ে বলেছে, এসব ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে পারে।চীনা ছবি প্রত্যাহার: দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জের ধরে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে চীন তাদের চলচ্চিত্র প্রত্যাহার করে নিয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়, গত বৃহস্পতিবার ওই বিরোধের জন্য চলচ্চিত্রের প্রযোজকেরা তাঁদের ছবি প্রত্যাহার করে নেন। কিন্তু উৎসব সচিবালয় জানায়, তারা ওয়াং জিংয়ের পরিচালিত চীনা ছবি ফেং সুই উৎসবে প্রদর্শন করবে। কারণ, তারা আনুষ্ঠানিকভাবে ছবি প্রত্যাহারে কোনো সংবাদ পায়নি। বিবিসি, এএফপি।