পূর্ব তিমুরে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব তিমুরে গতকাল শনিবার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। দেশটির ভঙ্গুর গণতন্ত্রের জন্য এই নির্বাচনকে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল তিনটা পর্যন্ত। ছয় লাখ ৪৫ হাজার নিবন্ধিত ভোটার এতে অংশ নেন। রাজধানী দিলির বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ধীরে ধীরে জড়ো হতে দেখা যায়।বিশ্লেষকেরা মনে করেন, এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১টি রাজনৈতিক দলের কেউই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং একটি দুর্বল জোট সরকার ক্ষমতা গ্রহণ করে, তবে জ্বালানিসমৃদ্ধ কিন্তু অনুন্নত এই দেশটিতে আবারও সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যদিও গত মার্চ ও এপ্রিলে দুই দফায় শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।১৯৭৫ সালে পর্তুগালের শাসন থেকে বেরিয়ে পূর্ব তিমুর দীর্ঘ ২৪ বছর ইন্দোনেশিয়ার দখলে ছিল। স্বাধীনতার জন্য ১৯৯৯ সালে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দেশটিতে লড়াই, রোগব্যাধি ও ক্ষুধায় প্রায় এক লাখ ৮৩ হাজার মানুষ মারা যায়। সেখানকার ১১ লাখ মানুষের অর্ধেকই দারিদ্র্যসীমায় বসবাস করছে। আর নির্বাচিত সরকারের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।