পূর্ব তিমুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য লড়বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।ওয়েবসাইটে বলা হয়, ‘শান্তিতে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট রামোস হোর্তা ঘোষণা দিয়েছেন, দেশটির আগামী ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।’ তবে গত বছর রামোস হোর্তা ঘোষণা দিয়েছিলেন, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পূর্ব তিমুরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁদের মধ্যে রয়েছেন বিরোধীদলীয় ফ্রাঁসোয়া লু ওলো গুতিরেস ও সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল তউর মতর রুয়াক। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে রামোস হোর্তা, লু ওলো ও রুয়াকের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। পূর্ব তিমুর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের যখন প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হয়েছে, তখনই দেশটিতে এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর্তুগালের প্রায় ৪০০ বছরের উপনিবেশ শেষে ১৯৭৫ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুরকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে একে ২৭তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। পরে ১৯৯৯ সালে ইন্দোনেশিয়ার ২৪ বছরের দখলদারির অবসান ঘটে। ওই বছর পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য ঐতিহাসিক ভোট অনষ্ঠিত হয়। তখন থেকেই জাতিসংঘের শান্তিরক্ষীরা সেখানে অবস্থান করছে। ২০০২ সালের ২০ মে পূর্ব তিমুর স্বাধীন হয়।২০০৭ সালে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে রামোস হোর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর প্রতি প্রধানমন্ত্রী সানানা গুসমাও ও তাঁর ন্যাশনাল কংগ্রেস ফর দ্য রিকনস্ট্রাকশন অব ইস্ট তিমুর (সিএনআরটি) দলের সমর্থন ছিল। তখন রামোস হোর্তা দ্বিতীয় দফার নির্বাচনে ৬৯ শতাংশ ভোট পেয়ে লু ওলোকে পরাজিত করেন। এএফপি।