পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন দেশ হিসেবে পূর্ব তিমুরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। ১৬ এপ্রিল এই ভোট নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। এই নির্বাচনে গত শনিবার প্রথম দফা ভোট নেওয়া হয়। এতে কোনো প্রার্থীই জয়ের জন্য ৫০ শতাংশ ভোট পাননি। ফলে সংবিধান অনুসারে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। প্রথম দফা ভোটে পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কারজয়ী হোসে রামোস হোর্তা। ইন্দোনেশিয়ার দখলদারি থেকে জাতিকে মুক্ত করার দুই দশকের টানা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না করা হলেও গতকাল সোমবার পর্যন্ত ভোট গণনায় হোর্তা তৃতীয় স্থানে রয়েছেন। এ কারণে তিনি পরাজয় মেনে নেন। গতকাল রাজধানী দিলিতে সাংবাদিকদের হোর্তা বলেন, ‘আগামী ১৯ মে মধ্যরাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেশের নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করব। অগ্রবর্তী যে দুজন প্রার্থী দ্বিতীয় দফা ভোটে লড়বেন, তাঁদের মধ্যে যিনি বিজয়ী হবেন, তিনিই হবেন দেশের নতুন প্রেসিডেন্ট।’