বিক্ষোভের জন্য দায়ী বিন লাদেন: গাদ্দাফি
পূর্ব-পশ্চিম দখল করে ত্রিপোলির দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা
লিবিয়ার পূর্বাঞ্চল পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। পতন শুরু হয়েছে পশ্চিমাঞ্চলেরও। এখন রাজধানী ত্রিপোলির দিকে অগ্রসর হচ্ছে সংগ্রামী জনতা। মুয়াম্মার গাদ্দাফি সেনা সমাবেশ বাড়িয়ে রাজধানীকে গড়ে তুলছেন দুর্গ হিসেবে। এদিকে লিবিয়ায় বিক্ষোভের জন্য আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং তাঁর আল-কায়েদাকে দায়ী করেছেন গাদ্দাফি। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি এ কথা বলেন।দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে লিবিয়ার ব্যাপারে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লিবিয়ার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওবামা বলেন, এই নৃশংস রক্তপাত গ্রহণযোগ্য নয়।যুক্তরাষ্ট্র গতকাল বলেছে, তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে লিবিয়াকে বহিষ্কারের বিষয়টি সমর্থন দেওয়ার কথা ভাবছে। এ লক্ষ্যে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সপ্তাহান্তে জেনেভা যাবেন।রাজধানী ত্রিপোলির পশ্চিমে আল-জাওয়িহা শহর পরিদর্শনে গিয়ে গতকাল সেখান থেকেই রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফি বলেন, বিক্ষোভকারীদের আসলে কোনো সুনির্দিষ্ট দাবি নেই। তাঁরা আল-কায়েদার পক্ষে কাজ করছেন। তিনি বলেন, ‘বিন লাদেন...এই শত্রুই লোকজনকে বিগড়ে দিচ্ছে। লাদেনের কথায় আপনারা উত্তেজিত হবেন না।’গাদ্দাফি অভিযোগ করেন, তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে ভাঙচুর, জ্বালাও-পোড়াও এবং বিক্ষোভ করছেন। তিনি বলেন, ‘উসকানিদাতারা সংখ্যায় খুব কম এবং আমরা তাদের ধরে ফেলবই।’ এদিকে ত্রিপোলির ১২০ কিলোমিটার পশ্চিমের শহর জুয়ারা চলে গেছে বিক্ষোভকারীদের দখলে। সেখান থেকে পালিয়ে যাওয়া মিসরের নাগরিকেরা জানায়, ওই শহরে পুলিশ বা সেনাবাহিনীর কোনো উপস্থিতি নেই এবং পুরো শহর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। তারা থানা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।আল-জাওয়িতা শহর থেকে রাজধানীর সঙ্গে সংযুক্ত প্রধান সড়ক বরাবর সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। প্রতিটি চৌকিতে লোকজনকে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মিসরাতাও বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। সেখান থেকে বিক্ষোভকারীরা ইন্টারনেটে এক বিবৃতিতে জানায়, ‘সৎ সেনা কর্মকর্তাদের সহযোগিতায় আমরা নিপীড়ক সরকারের চামচাদের হটিয়েছি।’বেনগাজি ও তোবরুক শহরেও সেনা বা পুলিশ সদস্যদের দেখা যায়নি। সেখান থেকে হয় তাদের প্রত্যাহার করা হয়েছে, নয়তো তারাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেনগাজির এক বাসিন্দা বলেন, ‘এখন পিছু হটার কোনো সুযোগ নেই, এমনকি আমাদের সবাইকে যদি মরতে হয়, তবু। আমাদের সন্তানদের যেন তাঁর (গাদ্দাফি) অধীনে থাকতে না হয়।’এই অবস্থায় গাদ্দাফিও রাজধানীর নিরাপত্তা জোরদার করতে সেনা সমাবেশ বাড়িয়ে চলেছেন। ট্যাংকসহ ভারী অস্ত্র ও সাঁজোয়া গাড়ি নিয়ে রাজধানীর প্রতিটি সড়কে টহল দিচ্ছে নিরাপত্তারক্ষীরা।কয়েক দিন আগে পদত্যাগকারী বিচারমন্ত্রী মুস্তাফা আবদুল জলিল এখন বিক্ষোভকারীদের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘গাদ্দাফি হিটলারের মতোই আচরণ করছেন এবং আত্মহত্যার দিকে এগোচ্ছেন।’তোবরুকের ২৫ বছরের যুবক ব্রায়েক বলেন, ‘প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এখন একজনও গাদ্দাফিকে সমর্থন করছে না। আমরা জানি না পরবর্তী সময়ে কে দেশ শাসন করবেন, কিন্তু এখন সবাইকে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে।’বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধে আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিতে গাদ্দাফি ব্যর্থ হওয়ায় গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন। তাঁরা লিবিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নির্ধারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি আনুষ্ঠানিক জরুরি বৈঠক আহ্বান করতে পারেন।এদিকে হাজার হাজার বিদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে বা নৌ ও বিমান পথে লিবিয়া ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত থেকে বিবিসির এক সাংবাদিক জানান, গত চার দিনে সীমান্ত অতিক্রম করে ২০ হাজার মানুষ তিউনিসিয়ায় ঢুকেছে। এএফপি, রয়টার্স, বিবিসি।