পূর্ব লন্ডনে ৬ স্কুলে উগ্রপন্থার ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ছয়টি বেসরকারি বিদ্যালয় ইসলামি উগ্রপন্থার ঝুঁকিতে রয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের বিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক বিভাগ অফস্টেড প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
উগ্রপন্থার ঝুঁকিতে থাকা বিদ্যালয়গুলো হলো: মাজাহিরুল উলুম, জামিয়াতুল উম্মা, ইব্রাহিম একাডেমি, আল মিজান একাডেমি, দ্য লন্ডন ইস্ট একাডেমি এবং স্যার জনকাস ফাউন্ডেশন। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই শিক্ষার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। স্যার জনকাস ফাউন্ডেশন ছাড়া অন্যগুলো বাংলাদেশিদের মাধ্যমে নিয়ন্ত্রিত। আল মিজান একাডেমি এবং দ্য লন্ডন ইস্ট একাডেমি ইস্ট লন্ডন মসজিদের নিয়ন্ত্রণে।
অফস্টেডের প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়গুলোতে ইসলামি শিক্ষার ওপর অতিমাত্রায় জোর দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা গণতন্ত্র, ব্রিটিশ মূল্যবোধ, সংস্কৃতি ও ব্যক্তিস্বাধীনতার মতো জরুরি বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে না। শিক্ষার্থীদের শারীরিক ও শিক্ষাগত কল্যাণের বিষয় মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীই ব্রিটিশ আইন ও শরিয়াহ আইনের পার্থক্য জানে না। তারা মনে করে, নারীরা শুধু ঘরে থাকবে এবং পরিবারের সবার জন্য রান্নাবান্না করবে। অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনকে পাপ মনে করে এই শিক্ষার্থীরা।
প্রতিবেদনে আরও বলা হয়, ধর্মীয় শিক্ষার ওপর অতিমাত্রায় গুরুত্ব এবং সামাজিক ও আধুনিক শিক্ষার ঘাটতির কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উগ্রবাদ কিংবা চরমপন্থায় জড়ানোর ঝুঁকি রয়েছে।