পূর্বপুরুষের পথেই হাঁটছেন উন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে বিশ্ববাসীর নজর এখন উত্তর কোরিয়ার দিকে। দেশটির তরুণ নেতা কিম জং-উন মার্কিন মদদপুষ্ট প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে একের পর এক হুমকি দিয়েই ক্ষান্ত হচ্ছেন না, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি তাক করে বিধ্বংসী রকেটও মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে দুই কোরিয়ার যৌথ শিল্প এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মীদের। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পারমাণবিক চুল্লিও চালুর ঘোষণা দিয়েছে কমিউনিস্ট রাষ্ট্রটি।উনের এসব কর্মকাণ্ডে মার্কিন কর্তৃপক্ষ রীতিমতো নড়েচড়ে উঠেছে। জোরদার করছে তার সামরিক শক্তি। তবে কি কিম জং-উন বাবা ও দাদার চেয়েও শক্তিমান নেতা, নাকি শুধুই খেয়াল-খুশির বশে ঘটিয়ে যাচ্ছেন এসব আলোড়ন সৃষ্টিকারী ঘটনা? আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সত্যিই কি তিনি যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্রদের বিরুদ্ধে কিছু করে দেখাতে পারবেন? এসব প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ মহলে চলছে নানা গুঞ্জন।২০১১ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যখন তাঁর উত্তরসূরি হিসেবে বড় দুই ছেলেকে ডিঙিয়ে ছোট ছেলে কিম জং-উনের নাম ঘোষণা করা হয়, তখনই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কানাঘুষা শুরু হয়। একে তো উন (৩০) বয়সে নেহাত তরুণ, তার ওপর তাঁর কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের কথা প্রকাশ হয়ে গিয়েছিল। শোনা গিয়েছিল, তাঁর বিদ্যার পাল্লা তেমন ভারী নয়, রাজনীতির চেয়ে খেলাধুলায় ঝোঁক বেশি। এ খবরে অনেকে ধরে নিয়েছিলেন, উন আর যা-ই হোন, বাবা ইলের মতো অতটা প্রভাবশালী নেতা হতে পারবেন না। কিন্তু গত কয়েক মাসে বেশ দাপটের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গন গরম করে তুলেছেন তিনি।সংবাদমাধ্যমে বলা হচ্ছে, কিম জং-ইলের মধ্যে আক্রমণাত্মক বাগাড়ম্বরের যেসব বৈশিষ্ট্য দেখা গেছে, উনের মধ্যেও এর ছাপ রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটনকে সরাসরি হুমকি দেওয়ার দিকটিই উত্তর কোরিয়ার তরুণ নেতার নতুনত্ব।যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকেরা বলছেন, মৌখিকভাবে আক্রমণ ও হুমকি দেওয়া কিম-পরিবারের পুরোনো ঐতিহ্য। গত ৫০ বছরে ক্ষমতায় থাকাকালে তরুণ উনের বাবা ও দাদা একই কাজ করেছেন। তবে উন সম্পর্কে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের পর্যাপ্ত ধারণার অভাব রয়েছে। ওয়াশিংটন এখনো ৩০ বছর বয়সী এই নেতাকে মূল্যায়নের চেষ্টা করছে।নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে কিম জং-উন সম্পর্কে যথেষ্ট তথ্য নেই। কূটনৈতিক টানাপোড়েন সামাল দেওয়ার ক্ষেত্রে তিনি তাঁর বাবার মতো কি না, সেটাও বোঝা যাচ্ছে না।’ মার্কিন কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময় নানা হুমকি ও সামরিক তৎপরতার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার বর্তমান নেতা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশলগত ধৈর্য প্রদর্শনের নীতিকে চ্যালেঞ্জ করেছেন।সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ মোকাবিলার সময় এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে ‘অপরিণামদর্শিতা’ বলে মন্তব্য করেন তিনি। গত শনিবার পিয়ংইয়ং বলেছে, যদি কোনো রকম উসকানিমূলক আচরণ করা হয়, তবে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।মার্কিন কর্মকর্তারা মনে করছেন, হুমকি অনুযায়ী উত্তর কোরিয়ার সামরিক সমাবেশের তেমন লক্ষণ নেই; বরং উনের হুমকি শুনে তাঁরা কিম জং-ইলের আমলের স্মৃতিতে ফিরে গেছেন। বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের জন্য উনের বাবাও একই কায়দায় বাগাড়ম্বর ও সামরিক কুচকাওয়াজ করতেন।