পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুক্ত মত প্রকাশ বন্ধের দিক থেকে তাঁর পূর্বসূরিসব মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছেন। তিনি আরব বসন্তের কৃতিত্ব দাবি করছেন। এই কৃতিত্বকে কাজে লাগিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে চান ওবামা।জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে গত বুধবার বক্তৃতা করেন অ্যাসাঞ্জ। সেখানে তিনি এসব অভিযোগ করেন। ইকুয়েডর এই বৈঠকের আয়োজন করে।লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়া অ্যাসাঞ্জ সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতায় বলেন, মুক্ত মত প্রকাশ বন্ধে ওবামা তাঁর আগের সব মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি এর প্রমাণ পেয়েছেন। অ্যাসাঞ্জ বলেন, প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র তিউনিসিয়ার গণ-অভ্যুত্থানে সমর্থন দিয়েছিল। তাঁর এ কথা তিউনিসিয়ার জনগণের কাছেও বিস্ময়ের ব্যাপার হয়ে এসেছে। অ্যাসাঞ্জ দাবি করেন, তিউনিসিয়ার অভ্যুত্থানসহ পুরো আরব বসন্তে উইকিলিকসের ভূমিকা রয়েছে। উইকিলিকস এমন কিছু নথি প্রকাশ করেছে, যা ওই অঞ্চলের জনগণকে পরিবর্তনকামী করে তোলে। যার ফল আরব বসন্ত।উইকিলিকসের প্রতিষ্ঠাতা অভিযোগ করেন, ওবামা প্রশাসন উইকিলিকসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছে। উইকিলিকসের কর্মীদের হয়রানি করছে। আর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হতে ওবামা আরব বসন্তের কৃতিত্ব নেওয়ার দাবি করছেন। অ্যাসাঞ্জ বলেন, ওবামার আবারও হোয়াইট হাউসের ফিরে আসার জন্য তিউনিসিয়ার তরুণ বুয়াজিজি শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেননি। অ্যাসাঞ্জকে কয়েক বছর আশ্রয় দিতে প্রস্তুত: লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অ্যাসাঞ্জকে প্রয়োজনে কয়েক বছর আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইকুয়েডর। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গত বুধবার এ কথা জানান।ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অ্যাসাঞ্জের বিষয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। এই সিদ্ধান্ত থেকে ইকুয়েডর সরে যাবে না।’এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে গতকাল নিউইয়র্কে বৈঠকে বসার কথা রিকার্দো পাতিনোর। অ্যাসাঞ্জের বিষয় নিয়ে তাঁদের আলোচনার কথা।সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে গিয়ে আশ্রয় প্রার্থনা করলে, ইকুয়েডর তা মঞ্জুর করে। গতকাল বৃহস্পতিবার সেখানে অবস্থানের শততম দিন ছিল অ্যাসাঞ্জের। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে। শুরু থেকেই অ্যাসাঞ্জ এই অভিযোগ অস্বীকার করছেন। রয়টার্স, এএফপি ও ইউকেপিএ।